দুর্নীতির শীর্ষে পুলিশ, এরপর জনপ্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানুষ পুলিশ বিভাগকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে জনপ্রশাসন, রাজনৈতিক দল ও বিচার বিভাগ।দুর্নীতি নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত জনগণের অভিমত ও অভিজ্ঞতাভিত্তিক সমীক্ষা ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার’ (বৈশ্বিক দুর্নীতি পরিমাপক) প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ দেশের ৪৬ শতাংশ মানুষ মনে করে, গত তিন বছরে দুর্নীতি বেড়েছে। ১৮ শতাংশ মনে করে দুর্নীতি একই মাত্রায় আছে এবং ৩৬ শতাংশ মনে করে, কমেছে। ৫৭ শতাংশ উত্তরদাতা বাংলাদেশের বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) গতকাল বৃহস্পতিবার সারা বিশ্বে একযোগে এই প্রতিবেদন প্রকাশ করে। এ উপলক্ষে সংস্থাটির বাংলাদেশ শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গতকাল ঢাকায় ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বক্তব্য দেন। তিনি জানান, গত এক বছরে দুর্নীতির মাত্রা বিবেচনায় বিশ্বব্যাপী উত্তরদাতাদের মধ্যে ৭৯ শতাংশ রাজনৈতিক দলকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলেছেন। তবে বাংলাদেশের ৭৯ শতাংশ উত্তরদাতা পুলিশকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছেন। এ ছাড়া ৬৮ শতাংশ উত্তরদাতা জনপ্রশাসন, ৫৮ শতাংশ রাজনৈতিক দল এবং ৪৩ শতাংশ বিচার বিভাগকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছেন। সংসদকে ৩২ শতাংশ, শিক্ষাব্যবস্থাকে ২২ শতাংশ, এনজিওকে ১৬ শতাংশ, গণমাধ্যমকে ১৪ শতাংশ, বেসরকারি খাতকে ১২ শতাংশ এবং সামরিক বাহিনীকে ৯ শতাংশ উত্তরদাতা দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছেন।ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশসহ বিশ্বের ৮৬টি দেশের ৯১ হাজারের বেশি লোকের ওপর এই জরিপ করা হয়। উত্তরদাতাদের ১১টি খাতের দুর্নীতি চিহ্নিত করতে বলা হয়। এর ভিত্তিতে মনে করা হচ্ছে জনপ্রতিষ্ঠানের ঘুষ ও অন্যান্য দুর্নীতি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা এবং দুর্নীতি প্রতিরোধে কোনো প্রতিষ্ঠানের ওপর তাদের কতটুকু আস্থা, সেটি ফুটে উঠেছে এ সমীক্ষায়।এর আগে আরও ছয়বার গ্লোবাল করাপশন ব্যারোমিটার প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশ এবারই প্রথমবারের মতো এই জরিপে অন্তর্ভুক্ত হলো।টিআইবির নির্বাহী পরিচালক জানান, বাংলাদেশে এ বছরের ৯ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত ৬৪ জেলার নগর ও পল্লি অঞ্চল থেকে মোট এক হাজার ৪৯ জন উত্তরদাতার অভিমত সংগ্রহ করা হয়েছে।বাংলাদেশে বিগত তিন বছরে দুর্নীতির মাত্রায় কোনো পরিবর্তন এসেছে কি না—এ প্রশ্নের উত্তরে ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, দুর্নীতি বেড়েছে। এর মধ্যে ১৮ শতাংশ বলেছেন বেশি বেড়েছে, ২৭ দশমিক ৩ শতাংশ বলেছেন কিছুটা বেড়েছে। ১৭ দশমিক ৫ শতাংশ বলেছেন দুর্নীতি একই মাত্রায় আছে, ২৮ দশমিক ৮ শতাংশের মতে কিছুটা কমেছে, ৬ দশমিক ৬ শতাংশ বলেছেন বেশ কমেছে এবং ১ দশমিক ৯ শতাংশ কোনো উত্তর দেননি।ইফতেখারুজ্জামান বলেন, প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বজুড়ে সরকার ও রাজনৈতিক নেতৃত্ব ও সংসদের ওপর জনগণের আস্থা কমেছে। তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ দুর্নীতি প্রতিরোধে সরকার ও রাজনৈতিক নেতাদের ওপর নির্ভরতার কথা বলেছেন। টিআইবির কর্মকর্তা এটিকে ‘আশাব্যঞ্জক এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের প্রতি সমর্থন’ হিসেবে আখ্যা দেন। উত্তরদাতাদের মধ্যে ৫৫ দশমিক ৮ শতাংশ বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযানে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে সরকারি নেতৃত্ব। দ্বিতীয় নির্ভরতার স্থান হিসেবে এসেছে গণমাধ্যমের কথা। বাংলাদেশে প্রতি দুজনের মধ্যে একজন ন্যায্য সেবা পাওয়ার জন্য এবং প্রতি তিনজনের মধ্যে একজন দ্রুত সেবা পাওয়ার জন্য ঘুষ দেওয়ার কথা বলেছেন। প্রতি ১০ জনে একজন ‘ঝামেলা এড়াতে’ ঘুষ দেন। বাংলাদেশের উত্তরদাতাদের মধ্যে ৯৩ দশমিক ৪ শতাংশই একমত পোষণ করে বলেছেন, দেশের সাধারণ মানুষ দুর্নীতিবিরোধী আন্দোলনে বড় ভূমিকা রাখতে পারে। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান ও সদস্য মোজাফ্ফর আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।