দুর্নীতির সঙ্গে তারেকের সংশ্লিষ্টতা ছিল না
বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন, তাঁর ছেলে তারেক রহমান অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দুর্নীতির সঙ্গে তারেকের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তারেকের নিজস্ব সম্পদ বলতে কিছু ছিল না। আজ মঙ্গলবার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। অনুষ্ঠানে নিজের ছেলের জন্মদিনের কেকও কাকেট বিরোধীদলীয় নেতা।সভায় প্রতিপক্ষ তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, তারেকের চিন্তাভাবনা ছিল ভিন্ন প্রকৃতির। তিনি তৃণমূল থেকে বিএনপিকে সুসংগঠিত করা শুরু করেছিলেন। বিরোধী দলের নেত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন ডিজিটাল বাংলাদেশের কথা বলে। এর অনেক আগে থেকেই তারেক রহমান এ কাজ শুরু করেছেন। এসব দেখে প্রতিপক্ষ ভেবেছে, এ ছেলেকে বেশি দূর এগিয়ে যেতে দেওয়া যাবে না। এ জন্য তাঁকে টার্গেট করা হয়েছে।’ বিএনপি সে সময় এগুলোকে গুরুত্ব না দিলেও এখন প্রতিপক্ষের আসল উদ্দেশ্য কী ছিল, তা বোঝা গেছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা তারেক রহমানকে শেষ করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। খালেদা জিয়া বলেন, তারেক রহমান এখনো সম্পূর্ণ সুস্থ নন। যথাসময়ে ফিরে এসে তারেক রহমান যাতে দেশের সেবা করতে পারেন, সে জন্য সবাইকে দোয়া করতে বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা অভিযোগ করেন, বিশেষ বিশেষ সময়ে তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়। কিন্তু কোনো অভিযোগই আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। তিনি বলেন, ‘অনেকে বলছেন, দুই নেত্রী একসঙ্গে বসলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু শুধু তাঁরা বসলেই সমস্যার সমাধান হবে না। তাঁরা কি বসে মারামারি করবেন? বসার আগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন স্বীকার করতে হবে। তখন সমঝোতার প্রশ্ন আসতে পারে। যখন উভয় পক্ষ রাজি হবে, তখন বসার প্রশ্ন আসতে পারে।’ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।আলোচনা সভা ছাড়াও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রদল। সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ওই কর্মসূচির উদ্বোধন করেন। বিকেলে বিজয়ীদের মধ্যে খালেদা জিয়া পুরস্কার বিতরণ করেন।