অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতু নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে—এমন অভিযোগ বিশ্বব্যাংকের। যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক সাহায্য বন্ধ রাখবে বলে জানিয়েছে।গত বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জে এফ কে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশের চলমান অর্থনৈতিক অবস্থা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও দেশের উন্নয়ন প্রকল্প নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কে কিছুটা শীতল অবস্থা বিরাজ করছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে, পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে। তারা তথ্যপ্রমাণ আমার কাছে উপস্থাপন করেনি। বলেছে, কোনো তদন্ত সংস্থা ছাড়া বিশ্বব্যাংক এ ধরনের কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করবে না।’বিশ্বব্যাংকের এ অবস্থানকে উদ্বেগজনক উল্লেখ করে বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, ‘দেশে ফিরেই বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। বিশ্বব্যাংকের অভিযোগ খতিয়ে দেখতে আমরা তদন্ত কমিটি গঠন করব।’বিশ্বব্যাংকের সুনির্দিষ্ট অভিযোগ কী বা কার বিরুদ্ধে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তারা যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির কথা বলেছে। তদন্ত না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে দুর্নীতিসংশ্লিষ্ট ব্যক্তিদের নাম বলা যাবে না। তিনি বলেন, ‘বিশ্বব্যাংককে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, আমরা যথাযথ ব্যবস্থা নেব।’ এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী মন্তব্য করেন, ‘খালেদা জিয়া সরকারের সময়কালের দুর্নীতির জন্য এখনো আমাদের খেসারত দিতে হচ্ছে।’বাংলাদেশে কোনো প্রকল্প সহযোগিতায় ড. মুহাম্মদ ইউনূস কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলছেন কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এমন কোনো তথ্য আমাদের হাতে নেই। অনেকেই বলেছেন, ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপের কারণে প্রকল্প সাহায্য বন্ধ হতে পারে। কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি। বরং বাংলাদেশে এবার অর্থ-সাহায্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।’গ্রামীণ ব্যাংকের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে গরিবের বন্ধু উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নোবেল পদক তাঁর প্রাপ্য ছিল। তবে ৩৬ বছর গ্রামীণ ব্যাংক পরিচালনা করে তিনি কেন কোনো বিকল্প নেতৃত্ব সৃষ্টি করেননি, তা নিয়ে প্রশ্ন তোলেন অর্থমন্ত্রী।অপর এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, বিএনপি ও জামায়াত চক্র বিশ্বজুড়ে এখন বাংলাদেশবিরোধী প্রচারণায় নেমেছে। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এবং যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া নিয়ে তারা আন্তর্জাতিক মহলে প্রচারণা চালাচ্ছে। অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমাদের সরকারের অবস্থান খুবই স্পষ্ট। আমরা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করেছি এবং আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় বিচারকাজ সম্পন্ন হচ্ছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ আনা হয়েছে। শিগগিরই বড় অপরাধী গোলাম আযমের নামে আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে।’বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহব্যঞ্জক এবং আন্তর্জাতিক মহলের প্রশংসা পাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ সমস্যাকে ইতিমধ্যে সহনীয় পর্যায়ে নিয়ে আনা সম্ভব হয়েছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়াতে সরকার দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে।শেয়ারবাজার নিয়ে অস্থিরতা সম্পর্কে অর্থমন্ত্রী আবদুল মুহিত বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট এসব নিয়ে সরকারের কোনো ভূমিকা নেই। এ ক্ষেত্রে সরকারের কিছু করার নেই উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি বিনিয়োগকারীদের নিজস্ব ব্যাপার।বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন অর্থমন্ত্রী। লন্ডন হয়ে ঢাকা ফেরার জন্য বুধবার রাতেই নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।