দুর্নীতিসহ সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়েস জাতীয় সম্মেলন-২০১২-এর উদ্বোধন করে দুর্নীতিবিরোধী আন্দোলনে জন-অংশগ্রহণ শীর্ষক এক আলোচনা সভায় সুলতানা কামাল এ কথা বলেন। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়।সম্মেলনে সুলতানা কামাল বলেন, অনেক স্বপ্ন-সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা চেয়েছিলাম, যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক। কিন্তু আজ জনগণের হাতে প্রকৃত ক্ষমতা নেই। আজ সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার—সব ক্ষেত্রে চরম অস্থিরতা। বেশির ভাগ মানুষ আশা হারিয়ে ফেলছে। অনেকেই ভাবছে, এ দেশের কিছু হবে না। এসব কিছুর কারণ দুর্নীতি। দুর্নীতি মানে কেবল অর্থনৈতিক দুর্নীতি নয়, ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে সব অন্যায়ই দুর্নীতি।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, এই দেশ যদি উচ্ছন্নে যায়, সব যদি নষ্ট হয়ে যায়—এ জন্য নিশ্চয়ই কোথাও না কোথাও জবাবদিহিতা করতে হবে। আর কোথাও না হোক, আমাদের বিবেকের কাছে অন্তত জবাবদিহিতা করতে হবে। কাজেই এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদেরই কাজ করতে হবে।সুলতানা কামাল বলেন, ‘পাখি হয়ে জন্ম নিলে সারা জীবন পাখি হয়ে থাকা যায়, কিন্তু মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। প্রতিদিনের কাজ ও মানবিকতার মধ্যে দিয়ে মানুষ হতে হয়। আর তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নিজের অধিকার সম্পর্কে যেমন সচেতন হতে হবে, তেমনি অন্য কারও অধিকার লঙ্ঘিত হলেও আমাদের প্রতিবাদ করতে হবে। সবাই মিলে প্রতিবাদ করলে নিশ্চয়ই আমরা অন্যায় ঠেকাতে পারব।’টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে আমরা সত্ ও যোগ্য প্রার্থী চেয়েছিলাম। এ জন্য আইনের পরিবর্তন ও সংস্কার করেছিলাম। কিন্তু দলগুলো যে প্রার্থী দিয়েছেন, তাঁরা সবাই যোগ্য নন। কিন্তু সাজাপ্রাপ্ত বা বড় ধরনের ঋণখেলাপি না হলে আমরা প্রার্থিতা বাতিল করতে পারি না। তবে আমরা প্রার্থীদের সম্পর্কে তথ্য প্রকাশ করেছিলাম।’ শামসুল হুদা বলেন, ‘শুধু বড় বড় কথা বললে হবে না, ব্যক্তিজীবনে এর চর্চা করতে হবে। সাধারণ মানুষ হিসেবে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনারা কোথাও ঘুষ দেবেন না, কারও কাছ থেকে ঘুষ নেবেন না।’টিআইবির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন বলেন, ‘দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতি দিয়েই এই সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু আমরা দেখছি দুর্নীতি আরও বেড়েছে, দুর্নীতি দমন কমিশনকে আরও দুর্বল করা হয়েছে। এ পরিস্থিতিতে দুর্নীতি প্রতিরোধে জনগণকে একসঙ্গে আন্দোলন করতে হবে।’ এর আগে উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান অধ্যাপক মোজাফফর আহমেদের স্ত্রী রওশন জামান। তিনি বলেন, ‘আজ যাঁর এই শপথ পাঠ করানোর কথা ছিল, তিনি নেই। আমি সারা জীবন তাঁকে নির্ভীক ও আশাবাদী মানুষ হিসেবে দেখেছি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে তিনি দেশ ও জাতির জন্য কাজ করেছেন। ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ চেয়েছিলেন তিনি।’ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সোচ্চার নাগরিক ও সক্রিয় তরুণ সমাজের অনেক ক্ষমতা। দুর্নীতিবিরোধী সংগ্রাম ও সুশাসন প্রতিষ্ঠায় তারা বিরাট শক্তি। তাই তাদের এগিয়ে আসতে হবে।