দুর্বল ময়নাতদন্তের অভিযোগ বিশ্বজিতের বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাসের হত্যাকারীদের বাঁচাতেই দুর্বল ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা অনন্ত চন্দ্র দাস। তিনি বলেন, বিশ্বজিৎকে এলোপাতাড়ি কোপানো হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে তার কোনো কিছুরই উল্লেখ নেই।আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশ্বজিতের বাবা এসব অভিযোগ করেন। তবে সম্মেলনে বাবা ও ভাই কথা বললেও কান্নার বেগে কোনো কথা বলতে পারেননি মা কল্পনা রানী দাস। দীর্ঘ দেড় ঘণ্টা ধরে চলা এই সম্মেলনের পুরোটা সময় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে অঝোরে কেঁদেছেন তিনি। পাশে উপস্থিত পরিবারের সবাই তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সংগঠনের নেতা-কর্মীরা বিশ্বজিতের লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক মাকসুদুর রহমান ও সুরতহাল প্রস্তুতকারী সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার দাবি জানান। বিশ্বজিতের ভাই উত্তম কুমার দাস বলেন, ‘আমরা এই ময়নাতদন্ত প্রত্যাখ্যান করছি। আমরা চাই, নতুন করে ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হোক। সব আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, বিশ্বজিৎকে এলোপাতাড়ি বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে তার উল্লেখ নেই। মামলার এজাহার ও সুরতহাল প্রতিবেদনও অত্যন্ত দুর্বল। ময়নাতদন্তকারী ও সুরতহাল প্রস্তুতকারীদের গ্রেপ্তার করে প্রকৃত তথ্য বের করে আনতে হবে।লিখিত বক্তব্যলিখিত বক্তব্য অনুযায়ী, প্রকাশ্য দিবালোকে পুলিশ বাহিনীর সামনেই বিশ্বজিৎকে হত্যা করা হলো। অথচ পুলিশ বিশ্বজিৎকে রক্ষা ও খুনিদের গ্রেপ্তার করতে এগিয়ে আসেনি। এক রিকশাচালক বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে ইচ্ছা করেই চিকিৎসা করলেন না। গণমাধ্যমে এ ঘটনা যখন ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হতে থাকল, তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। গণমাধ্যমে খুনিদের নাম-ছবি এলেও পুলিশ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়সারা গোছের একটি মামলা করল। দায় অস্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কয়েকজন আওয়ামী লীগের শীর্ষ নেতা। আসামিদের গ্রেপ্তারের নির্দেশ না দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রেস নোটে আসামিদের পারিবারিক বৃত্তান্ত ব্যাখ্যা করা হলো। আমরা আশ্চর্য হয়ে দেখলাম, সরকার কীভাবে নির্লজ্জ বেহায়ার মতো এত বড় নৃশংস হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার না করে তুচ্ছ-তাচ্ছিল্য মন্তব্য দিয়ে এ দায় এড়িয়ে চলল। লিখিত বক্তব্যে বলা হয়, ‘অবরোধ ঠেকানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে যুবলীগ-ছাত্রলীগকে রাস্তায় নামতে আহ্বান জানালেন। সুতরাং এ খুনের দায় তিনি এড়াতে পারেন না। কিন্তু তিনি তা বেমালুম দায় এড়িয়ে গেলেন। পার্শ্ববর্তী দেশে এক ধর্ষিতার বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী বিবৃতি দিলেন। অপরাধীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিলেন। আর বিশ্বজিতের ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী আবিষ্কার করলেন ষড়যন্ত্র। কেন এত অবহেলা, এত তুচ্ছ-তাচ্ছিল্য? বাড়ির একটি কুকুর মারা গেলেও বাড়ির কর্তা একটু হলেও শোকগ্রস্ত হন।’লিখিত বক্তব্য অনুযায়ী, ছাত্রলীগ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করেছে। তাই পুলিশ তাদের বাধা দেয়নি। হাসপাতালের চিকিৎসকও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। ঘটনার পাঁচ দিনের মধ্যেও পুলিশ জড়িত কাউকে গ্রেপ্তার করেনি। পরে গণবিস্ফোরণের আশঙ্কায় কিছু কিছু গ্রেপ্তার করলেও স্বাধীনতা চিকিৎসা পরিষদের চিকিৎসক তাদের বাঁচানোর সনদ দিয়ে দিয়েছেন।চার দাবিসংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু মহাজোটের পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো: গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ছবি দেখে সব আসামিকে গ্রেপ্তার করে, দ্রুত বিচার আইনে বিচার করে ফাঁসি নিশ্চিত করা, ঘটনার দিন পুলিশ ও চিকিৎসক নিজ নিজ দায়িত্ব পালন না করায় তাঁদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা, ময়নাতদন্তকারী ও সুরতহাল প্রস্তুতকারীকে গ্রেপ্তার করে রিমান্ডে আনা এবং বিশ্বজিতের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া।