দুর্বৃত্ত ও ভূমিদস্যুরা এক হয়ে যা খুশি করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, দুর্বৃত্ত আর ভূমিদস্যুরা একত্রে মিলেছে। মনে করেছে, তারা যা খুশি করতে পারবে। কিন্তু তা হবে না। ভূমিদস্যুদের কাছে মাথা নোয়ানো যাবে না।গতকাল শনিবার তাঁর নির্বাচনী এলাকা দোহারে একটি স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আবদুল মান্নান খান বলেন, ভূমিদস্যুরা হাজার হাজার কোটি টাকা লুট করে পত্রিকা বের করে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য ওই সব পত্রিকায় সত্যকে মিথ্যা বানিয়ে কুৎসা রটানো হয়। কিন্তু সত্য আপন মহিমায় উদ্ভাসিত হবেই হবে। দেশবাসী জানে কারা খুনি, হত্যা মামলার আসামি। নিজের ছেলের খুনের দায় এড়াতে কোটি কোটি টাকা ঘুষ দেয়। গণপূর্ত প্রতিমন্ত্রী দোহারের জয়পাড়া মোড়ে ‘মুক্তিযোদ্ধা রতন স্বাধীনতা ভাস্কর্য’-এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খান রতনের স্মরণে ওই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। ১৯৭৪ সালে দুর্বৃত্তরা রতনকে হত্যা করে।প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা থাকলে দেশ থাকবে। দেশের সব উপজেলায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ করা হবে। তিনি বলেন, যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, তখন থেকে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। একাত্তরের রাজাকারেরা জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি এসবের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনারকলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।