দুর্বৃত্তদের চিনে ফেলায় শিশুটিকে হত্যা
হত্যাকাণ্ডের ৩৮ ঘণ্টা পর গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কুতুবপুরে শীতলক্ষ্যা নদী থেকে শিশু জিহাদের লাশ উদ্ধার করা হয়েছে।এদিকে জিহাদকে অপহরণ ও হত্যাকারী দলের প্রধান ওয়াসিম গতকাল বিকেলে নারায়ণগঞ্জের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন, শিশু জিহাদ তাঁকে চিনে ফেলে মামা বলে সম্বোধন করায় মুক্তিপণ পাওয়ার আগেই কাঁচপুর সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যা করা হয়। ওয়াসিমসহ গ্রেপ্তার হওয়া সাত আসামিকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জিহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার বাসিন্দারা গতকাল বিকেলে বৃষ্টি উপেক্ষা করে ধর্মগঞ্জ চটলার মাঠে সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শত শত নারী-পুরুষ মিছিল বের করেন। মিছিলকারীরা প্রথমে ফতুল্লা থানা, পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে গত রোববার সন্ধ্যায় ফতুল্লার ধর্মগঞ্জের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেনের চার বছরের একমাত্র ছেলে জিহাদকে অপহরণ করা হয়েছিল। লাশ উদ্ধার: র্যাব-১১-এর নারায়ণগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সোনারগাঁয়ের কুতুবপুর এলাকার একটি মাদ্রাসার পাশে শীতলক্ষ্যা নদীতে জিহাদের লাশ ভেসে ওঠে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।আহাজারি: জিহাদের লাশ দেখে ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। নদীর তীরে ভিড় জমায় শত শত মানুষ। ধর্মগঞ্জের বাড়িতে নামে শোকার্ত মানুষের ঢল। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন জিহাদের বাবা আক্তার হোসেন। বারবার মূর্ছা যাচ্ছিলেন মা মাসুমা আক্তার। বাবা আক্তার হোসেন বলেন, ‘অপহরণের খবর শুনে দেশে ফিরি। কিন্তু ছেলেকে পেলাম না। পেলাম ছেলের লাশ।’ আক্তার হোসেনের প্রশ্ন, ‘কী অপরাধ করেছিল আমার মাসুম বাচ্চা?’ মা মাসুমা আক্তার বলেন, ‘যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আমি তাদের ফাঁসি চাই।’মামলা: অপহরণের অভিযোগে আটক সাতজনকে আসামি করে শিশু জিহাদের মা মাসুদা আক্তার মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। আসামিরা হলেন ধর্মগঞ্জ বেপারীপাড়া এলাকার ওয়াসিম ও তাঁর দ্বিতীয় স্ত্রী লাকি আক্তার, সাদেক, ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার স্বপন, মো. ইব্রাহিম ওরফে ভুলু ও তাঁর ছেলে শাকিল এবং পটুয়াখালীর গলাচিপা গিলাবাড়ী এলাকার সালাম। স্বীকারোক্তিমূলক জবানবন্দি: গতকাল বিকেলে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম আমিনুল ইসলামের আদালতে প্রধান আসামি ওয়াসিম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে ওয়াসিম বলেন, ২৬ জুন রোববার সন্ধ্যা সাতটার দিকে ধর্মগঞ্জের বাড়ির সামনে থেকে জিহাদকে অপহরণ করা হয়। তিনি তাঁর সহযোগী সালাম, সাদেক, স্বপন, শাকিল ও ভুলুর সঙ্গে পরামর্শ করে শহরের চাষাঢ়া এলাকার একটি বাড়িতে জিহাদকে আটকে রাখেন। এ সময় তাঁর দ্বিতীয় স্ত্রী লাকিও তাঁদের সঙ্গে ছিলেন। জিহাদের মায়ের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু জিহাদ তাঁকে চিনে ফেলে এবং মামা বলে সম্বোধন করে। এ কারণে সহযোগীদের সঙ্গে পরামর্শ করে জিহাদকে হত্যার সিদ্ধান্ত নেন। সহযোগী সালাম ও সাদেককে সঙ্গে নিয়ে তিনি সোমবার সন্ধ্যা সাতটার দিকে কাঁচপুর সেতুর ওপর যান। সেখান থেকে জিহাদকে ফেলে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। কে এই ওয়াসিম: জিহাদকে অপহরণ ও খুনের মূল হোতা ওয়াসিমের বাড়ি ধর্মগঞ্জের বেপারীবাড়িতে। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, সেখানে বাড়ির সামনে একটি ক্লাবঘর বানিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন তিনি। নেতৃত্ব দেন একটি সন্ত্রাসী দলের। এলাকায় একটি শিপইয়ার্ডকে কেন্দ্র করে লোহাচোর চক্রের হোতাও ওয়াসিম। আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য: ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, সাত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড এবং জিহাদের লাশ উদ্ধার হওয়ায় অপহরণের মামলাটিতে হত্যা মামলার ধারা যুক্ত করতে আদালতে আবেদন করা হয়েছে। আদালত কাল (আজ বৃহস্পতিবার) রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে সাত আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।র্যাব-১১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. আহসানুজ্জামান গতকাল সাংবাদিকদের বলেন, জিহাদের হত্যাকারীরা কোনোভাবে পার পাবে না। এদিকে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভানেত্রী আঞ্জুমান আরা আকসির ও সাধারণ সম্পাদক অধ্যাপক রাশিদা আক্তার শিশু জিহাদের অপহরণ ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন।