দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর শান্তিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত কাঁচামাল ব্যবসায়ী মোক্তার হোসেন (২৮) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে খিলগাঁওয়ে ভাইয়ের বাসা থেকে ফেরার পথে শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে। তারা মোক্তার হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।খবর পেয়ে মোক্তারের স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। মোক্তারের বোন নুরজাহান সাংবাদিকদের জানান, মোক্তারের কাছে মোবাইল ফোন ও ৯০০ টাকা ছিল। তিনি দাবি করেন, ছিনতাই নয় পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানান তিনি।নিহত মোক্তার হোসেন সপরিবারে উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি শেরপুরের গনপদ্দি গ্রামে।