দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুব উন্নয়ন কর্মকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল এলাকায় আজ রোববার ভোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দিদারুল আলম (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের জেলা কার্যালয়ের মত্স্য বিভাগের প্রশিক্ষক ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ রোববার ভোর সাড়ে পাঁচটায় তিনি চট্টগ্রাম থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে মতিঝিলের ইনার সার্কুলার রোডে সৌদিয়া-এস আলম কাউন্টারের বিপরীত পাশের রাস্তায় নামেন। এরপর পায়ে হেঁটে যাওয়ার সময় দুবৃর্ত্তরা তাঁকে ঘিরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।খবর পেয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্র জানায়, তাঁর শরীরে নয়টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।নিহত দিদারুলের ভাই জাহাঙ্গীর হোসেন জানান, গতকাল শনিবার রাতে দিদারুল আলম সৌদিয়া পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে ঢাকা রওনা দিয়েছিলেন।এসআই রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে দিদারুলের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় হত্যা মামলা করেছেন। তাঁর পকেটে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লেখা একটি আবেদনপত্র পাওয়া গেছে। ওই আবেদন থেকে জানা যায়, সম্প্রতি তাঁকে চট্টগ্রাম থেকে চাঁদপুরে বদলি করা হয়। ওই বদলির আদেশ বাতিল করে বান্দরবানে বদলি করার আবেদনপত্র নিয়ে তিনি ঢাকায় এসেছিলেন। তাঁর কাছ থেকে ১৬ হাজার ২৫৮ টাকা পাওয়া গেলেও ব্যবহূত মোবাইল ফোনটি পওয়া যায়নি।ওই আবেদনপত্রের সূত্র ধরেই পুলিশ দিদারুলের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। পরে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর লাশ শনাক্ত করেন। দিদারুল আলম সপরিবারে চট্টগ্রামের হাটহাজারী থানার মাদারশাহ এলাকার নিজ বাড়িতে থাকতেন।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিনতাইয়ের ঘটনা। ধারণা করা হচ্ছে, দিদারুলের টাকা ছিনিয়ে নিতে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।দিদারুলের ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ কিংবা শত্রুতা ছিল না। তিনি মনে করেন, ছিনতাইকারীদের হাতে তাঁর ভাই খুন হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে দিদারুলের লাশ তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হয়।