দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম তরফদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নয়াপল্টনের একটি ট্রাভেল এজেন্সির কর্মকর্তা ছিলেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন সাইফুল। কিছু দূর যেতেই কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁরা সাইফুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল হক প্রথম আলো অনলাইনকে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইফুল বিদেশে লোক পাঠানোর নামে অনেকের কাছ থেকে টাকা নেয়। ওই টাকা ফেরত না পাওয়া একটি পক্ষ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। এ ব্যাপারে সাইফুলের ভগ্নিপতি হারুন অর রশীদ বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেছেন।সাইফুল নয়াপল্টনের ১০/ বি হাজির বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। তাঁর বাবার নাম মহসিন তরফদার।