দুর্বৃত্তদের টেঁটার আঘাতে যুবলীগ নেতা নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামে দুর্বৃত্তদের টেঁটার আঘাতে সাইফুল্লা খালেদ (২৬) নামের যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদ তাঁদের বাড়ির সামনে কাছারিঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে ঘর থেকে বের করে পেটে টেঁটা ঢুকিয়ে দেয়। এ সময় তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই খালেদের মৃত্যু হয়।নিহত খালেদের বড় ভাই আল্লামা ইকবাল গতকাল বুধবার প্রথম আলোকে জানান, ‘আমার ভাই ঘরে ঘুমিয়ে ছিল। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে টেঁটাবিদ্ধ করে। ভাইয়ের আর্তচিৎকার শুনে আমরা ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, ভাই মারা গেছে।’উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান জানান, নিহত খালেদ চরকাঁকড়া ইউনিয়নের চরকাঁকড়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খালেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।