দুর্বৃত্তের এসিডে ঝলসে যাওয়া শিশু আফসান আর নেই
কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুড়ে মারা এসিডে ঝলসে যাওয়া শিশু আফসানা এক মাস দুই দিন পর আজ বৃহস্পতিবার সকালে মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আজ সকাল সাড়ে ১০টার দিকে ১১ মাস বয়সী আফসানা মারা যায়। গত সোমবার তার অস্ত্রোপচার করা হয়েছিল। তবে ওই ঘটনায় আফসানার মা আছমা আক্তার ও খালা নাজমা আক্তার চিকিত্সা শেষে আজ ছাড়া পান। এসিড নিক্ষেপের ঘটনায় আছমা আক্তারের ভাই বোরহানউদ্দিন গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ ঘটনার প্রধান আসামি সোহেল ও তাঁর ভাই হারুনকে গ্রেপ্তার করে। তবে অপর দুই আসামি পলাতক রয়েছে। গত ৯ ডিসেম্বর কেরানীগঞ্জের উত্তর বাহিরচরে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে এসিড ছুড়ে তিন বোন ও এক শিশুর শরীর ঝলসে দেয়। এসিডদগ্ধ তিন বোন হলেন—সুরাইয়া বেগম (২৬), নাজমা আক্তার (২৪) ও আছমা আক্তার (২২)। শিশুটি হচ্ছে আছমার ১১ মাসের মেয়ে আফছানা। দগ্ধ নাজমা আক্তার প্রথম আলোকে বলেছিলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দরজায় একটা শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় তিনি দেখেন, তাঁর সতিনের ভাই সোহেল প্লাস্টিকের মগ হাতে ঘরের ভেতর দাঁড়িয়ে। কিছু বুঝে ওঠার আগেই সোহেল মগ থেকে তরল পদার্থ তাঁর ওপর ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে তাঁর মুখমণ্ডল, পাশের খাটে ঘুমিয়ে থাকা বোন সুরাইয়া, আছমা ও আছমার সন্তান আফসানার শরীরে লাগে।নাজমা আরও জানিয়েছিলেন, তাঁর স্বামী খলিলুর রহমান প্রথম বিয়ের কথা গোপন করে তাঁকে বিয়ে করেন। কিন্তু তাঁর প্রথম স্ত্রী এই বিয়ে মেনে নেননি। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। সতিনের ভাই সোহেলসহ অন্যরা তাঁকে তালাক দিতে খলিলকে চাপ দিতে থাকেন। তাঁরা তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ারও হুমকি দেন। কিছুদিন ধরে তাঁরা হুমকি দিয়ে আসছিল। তাঁর ধারণা, প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে সোহেল এসিড ছুড়ে মেরেছে।