দুর্বৃত্তের এসিডে তিন বোন ও এক শিশুর শরীর ঝলসে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে এসিড ছুড়ে তিন বোন ও এক শিশুর শরীর ঝলসে দিয়েছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ঢাকার অদূরে কেরানীগঞ্জের উত্তর বাহিরচরে এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেরানীগঞ্জ থানার পুলিশ হারুন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এসিডদগ্ধ তিন বোন হলেন সুরাইয়া বেগম (২৬), নাজমা আক্তার (২৪) ও আছমা আক্তার (২২)। শিশুটি হচ্ছে আছমার ১১ মাসের মেয়ে আফছানা। বার্ন ইউনিটের অধ্যাপক শহিদুল বারী জানান, শিশু আফছানার অবস্থা সংকটজনক। ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, আফছানার শরীরের প্রায় ১৮ ভাগ, তার মা আছমার সাত ভাগ ও সুরাইয়ার শরীরের সামান্য অংশ পুড়ে গেছে। তিনি বলেন, ১০ শতাংশের বেশি এসিডে পুড়লে আশঙ্কাজনক বলে ধরা হয়।দগ্ধ নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দরজায় একটা শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় তিনি দেখেন, তাঁর সতিনের ভাই সোহেল প্লাস্টিকের মগ হাতে ঘরের ভেতর দাঁড়িয়ে। কিছু বুঝে ওঠার আগেই সোহেল মগ থেকে তরল পদার্থ তাঁর ওপর ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে তাঁর মুখমণ্ডল, পাশের খাটে ঘুমিয়ে থাকা বোন সুরাইয়া, আছমা ও আছমার সন্তান আফসানার শরীরে লাগে।নাজমা আরও জানান, তাঁর স্বামী খলিলুর রহমান প্রথম বিয়ের কথা গোপন করে তাঁকে বিয়ে করেন। কিন্তু তাঁর প্রথম স্ত্রী এই বিয়ে মেনে নেননি। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। সতিনের ভাই সোহেলসহ অন্যরা খলিলকে তালাক দিতে তাঁকে চাপ দিতে থাকেন। তাঁরা তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ারও হুমকি দেন। কিছুদিন ধরে তাঁরা হুমকি দিয়ে আসছিল। তাঁর ধারণা, প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে সোহেল এসিড ছুড়ে মেরেছে।গতকাল দুপুরে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, চারতলার বারান্দার আছমা বেগম ও তাঁর শিশুসন্তান কাতরাচ্ছে। পাশে বসে আছেন আছমার স্বামী গাড়িচালক দুলাল মিয়া। আছমা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, শরীর পুড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, তিনি বৈদ্যুতিক শক খেয়েছেন। তাঁদের চিৎকারে বাসার সবাই জেগে ওঠেন। পরে তাঁদের হাসপাতালে আনা হয়।দগ্ধ সুরাইয়া বেগম জানান, শুক্রবার রাতে বোনের শিশুসন্তানকে নিয়ে তাঁরা তিন বোন খাটে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হঠাৎ শরীরে ভীষণ জ্বালাপোড়া হলে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় দেখেন, তাঁর দুই বোন ও শিশু আফছানা চিৎকার করছে।গতকাল দুপুরে কেরানীগঞ্জের উত্তর বাহেরচর গ্রামের মৃত সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে দেখা গেছে, দোচালা টিনশেড বাড়ির পূর্ব পাশের কক্ষের মাটির নিচে সিঁদ কাটা। পশ্চিম পাশের কক্ষের খাটের ওপর ও ঘরের মেঝেতে থাকা লেপ, কাঁথা ও কাপড়চোপড় এসিডে পুড়ে গেছে। এসিড বহনকারী মগটি মেঝেতে পড়ে ছিল।সুরাইয়ার মা হাজেরা বেগম বলেন, আড়াই বছর আগে বাহেরচর গ্রামের আমিনউদ্দিনের ছেলে খলিলুর রহমার তাঁর প্রথম বিয়ের কথা গোপন করে তাঁর মেয়ে নাজমাকে বিয়ে করেন। এর পর থেকে খলিলের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর বনিবনা হচ্ছিল না। পরে নাজমা তাঁদের বাড়িতে চলে আসেন। তিনি বলেন, নাজমার সতিনের ভাই আনু, সোহেল, হারুন ও মোক্তার প্রায়ই তাঁদের বাড়িতে এসে খলিলকে তালাক দিতে নাজমাকে শাসাতেন। এক সপ্তাহ আগে সোহেল, আনুসহ কয়েকজন বাড়িতে এসে তাঁকে ও মেয়েদের নানা ধরনের ভয়ভীতি দেখায়।জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দগ্ধ নাজমার ভাই বোরহানউদ্দিন মিয়া বাদী হয়ে আনু, সোহেল, হারুন ও মোক্তারকে আসামি করে এসিড আইনে মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজমার সতিনের ভাই হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।