দুর্বৃত্তের চাপাতির কোপে আরেক ব্লগার আহত
রাজধানীর পল্লবীতে আজ বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের চাপাতির কোপে সানিউর রহমান (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, আহত সানিউর নিজেকে ব্লগার দাবি করে জানান, তিনি শাহবাগের আন্দোলনের সঙ্গে যুক্ত। পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ব্লগার সানিউরের মা-বাবা ইস্টার্ন হাউজিংয়ে এবং সানিউর তেজগাঁওয়ের নাখালপাড়ায় থাকেন। রাত ১০টার দিকে সানিউর ইস্টার্ন হাউজিংয়ের বাসা থেকে নাখালপাড়ায় যাওয়ার উদ্দেশে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে পৌঁছেন। এ সময় পেছন থেকে দৌড়ে এসে দুই যুবক তার ওপর চাড়াও হন। তাঁদের একজন সানিউরের মাথায় একটি চাপাতির কোপ দেন। তাঁর চিত্কারে পথচারীরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় মিরপুর ১০ নম্বরের বেসরকারি গ্যালাক্সি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।তবে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ইস্টার্ন হাউজিংয়ে যাওয়ার পথে সানিউর হামলার শিকার হন। প্রকৌশলী সানিউর সৌদি আরব থেকে অনেক দিন আগে দেশে ফেরেন। কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন। সহকারী কমিশনার বলেন, কারা ও কেন হামলা করেছে, তদন্ত শেষে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরের বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ ছাত্র এখন রিমান্ডে আছে।