দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
খুলনা নগরে গত বৃহস্পতিবার রাতে সড়কে নিরাপত্তা তল্লাশির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বরুণ কুমার দে (৩০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁর বাড়ি ভোলা সদর থানার কাপুটা গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে খানজাহান আলী থানার হাবিলদার আবদুল হাকিম পাঁচজন পুলিশ সদস্য নিয়ে পথের বাজার পুলিশ ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। এ সময় ফুলতলা এলাকার দিক থেকে একটি বেবিট্যাক্সি আসতে দেখে তাঁরা গাড়িটি থামান। বেবিট্যাক্সিতে আরোহী ছিলেন তিন যুবক। গাড়ি থেকে নামিয়ে তাঁদের দেহ তল্লাশির সময় এক যুবক হঠাৎ দৌড়ে পালাতে থাকেন। কনস্টেবল বরুণ কুমার ওই যুবকের পিছু ধাওয়া করেন। একপর্যায়ে ফারাজী বাড়ির গলিতে ঢুকে যুবককে জাপটে ধরেন বরুণ। তখন ওই যুবক বরুণের মুখে, বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। অন্য পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হাবিলদার আবদুল হাকিম জানান, ঘাতককে ধরা যায়নি। তবে তল্লাশির সময় একটি ছুরিসহ শেখ মেহেদী হাসান (২১) নামের তাঁর এক সহযোগী যুবককে আটক করা হয়েছে।খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ছিনতাই করতেই ওই যুবকেরা শহরে ঢুকছিল বলে ধারণা করা হচ্ছে। কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় পথের বাজার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।