দুর্বৃত্তের হামলায় বুয়েটের ছাত্র তন্ময় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেষ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক ব্লগার তন্ময় আহমেদ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত শনিবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।বর্তমানে তন্ময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার তাঁর শরীরে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।তন্ময়ের চিকিৎসার দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক আল হেলাল দিদারুল আলম জানান, তন্ময়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।চিকিৎসাধীন অবস্থায় তন্ময় জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে একটি ভ্যানে করে তিনিসহ ছয়জন বন্ধু পলাশবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পলাশবাড়ী সরকারি কলেজের পাশে সদর ইউনিয়নের কাশিয়াবাড়ি সড়কের শিমুলিয়ায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে নয়জন মুখোশধারী যুবক এসে ভ্যানটি আটক করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দাবি করেন, ব্লগে লেখালেখির কারণে পরিকল্পিতভাবে শিবিরের ক্যাডাররা তাঁর ওপর হামলা চালিয়েছে।এদিকে তন্ময়ের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। গতকাল বিবৃতিতে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, ঘটনা জানার পরপরই তন্ময়কে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।