দুর্ব্যবহারের অভিযোগে ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
সাভারে ভবনধসের ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ নিতে যাওয়া স্বজনদের সঙ্গে একজন ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরে স্বজনদের দাবির মুখে ওই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়।ওই ম্যাজিস্ট্রেট হলেন জেলা প্রশাসনে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বে থাকা সায়েদ ইকবাল।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা লাশ নিতে স্বজনেরা ওই নিয়ন্ত্রণকক্ষে যান। এ সময় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁদের ওই কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। এ সময় ওই ম্যাজিস্ট্রেট ওই কক্ষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন এবং কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। পরে নিহত ব্যক্তিদের স্বজনেরা নিয়ন্ত্রণকক্ষের ভেতর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ করেন এবং ওই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারের দাবি জানান। এই দাবির মুখে ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবালকে নিয়ন্ত্রণকক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। ঢাকা জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) এ কে এম আমিনুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবালকে নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে।