দুর্ভাগা আজমল
সময় ও বাস্তবতা ধীরে ধীরে সবকিছুকেই হালকা করে দেয়। প্রিয় বাবাকে চিরদিনের জন্য হারানোর শোকও। কিন্তু সাঈদ আজমল ভুলতে পারছেন না এক মুহূর্তের জন্যও। বাবা তাঁর খুব ভালো বন্ধু ছিলেন। বাবার মৃত্যু তাঁকে ছিটকে দিয়েছে পাকিস্তানের সেরা একাদশ থেকেও!টেস্টে জায়গাটা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছিল আবদুর রেহমানের সঙ্গে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আজমলই ছিলেন প্রথম পছন্দের স্পিনার। নিউজিল্যান্ডে গিয়ে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই খেললেন। টেস্ট সিরিজের ঠিক আগে খবর এল, বাবা অসুস্থ, হাসপাতালে। দেশে ফিরবেন কি ফিরবেন না আজমল যখন দ্বিধায়, তখনই খবর এল বাবা আর নেই!আজমল দেশে গেলেন, ফিরলেন টেস্ট সিরিজের মাঝখানেই। কিন্তু একাদশে ফেরা হলো না। সিরিজে বাঁহাতি স্পিনার রেহমান এতটাই ভালো করলেন যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও আজমল দর্শক। নিউজিল্যান্ডের কন্ডিশনেরও একটা ভূমিকা হয়তো ছিল। তবে আজমলের চেয়ে এখন রেহমানকেই বেশি চায় টিম ম্যানেজমেন্ট। পাঁচ ম্যাচের চারটিতেই খেলেছেন রেহমান, তাঁর চোটই শুধু কানাডা ম্যাচে খেলার সুযোগ করে দিয়েছে আজমলকে। আজমলের বৈচিত্র্য আর আগ্রাসনের চেয়ে রেহমানের ধারাবাহিকতাই টিম ম্যানেজমেন্টের কাছে গুরুত্বপূর্ণ।আজমল হয়তো বাস্তবতা মেনে নিয়েছেন, ‘আমার জায়গায় সুযোগ পেয়ে রেহমান খুব ভালো করছে। সুযোগ পেলে আমিও ভালো করার চেষ্টা করব, পাকিস্তানকে জেতাতে চেষ্টা করব। দল যেভাবে চায়, যখন চায় আমাকে খেলাবে।’ কিন্তু হঠাৎই একাদশে ব্রাত্য হয়ে পড়া, ম্যাচের পর ম্যাচ বাইরে বসে থাকলে নিজেকে অনুপ্রাণিত করা যায়? ‘অনুপ্রাণিত করা কঠিন নয়। বাইরে থেকেও দলকে অনেক কিছু দেওয়া যায়। আর আমি তো দলের সঙ্গেই আছি। প্রয়োজন হলেই সুযোগ পাব। আমি প্রস্তুত।’কিন্তু এটি কি তাঁর মনের কথাও? তাহলে সামনে তিন স্পিনার খেলানোর সম্ভাবনা শুনে তাঁর চোখ উজ্জ্বল হলো কেন? ‘দুজন স্পিনার নিয়ে তো প্রায় সব দলই খেলছে, কখনো তিনজনও। এখানকার উইকেট স্পিন উপযোগী। তিন স্পিনার তাই কার্যকর হতেই পারে। রেহমান নতুন বলে করেছে, প্রয়োজনে আমিও করতে পারি। স্লগ ওভারেও আমি দলের প্রয়োজন মেটাতে পারি।’এই তাহলে মনের কথা? মাঠে নামার জন্য এতটাই তবে ব্যাকুল হয়ে আছেন? এবার আজমল কথা বলেন না, কেমন যেন হাসেন।