দুর্ভোগে নগরবাসী (ভিডিও)
বিএনপির মহাসমাবেশ কাল সোমবার। অথচ এক দিন আগে আজ রোববার রাস্তায় নেমে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে কর্মস্থলগামী যাত্রীদের। রাজধানীর সড়কগুলোতে হঠাত্ করেই গাড়ি চলাচল কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। মিরপুর ১ নম্বর, ১০ নম্বর ও ১১ নম্বর, কল্যাণপুর, শ্যামলী, গাবতলী, মহাখালী, ফার্মগেট, উত্তরা, বনানীসহ ঢাকার সব সড়কেই বাসের সংকট ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে বাসমালিকেরা জানিয়েছেন, মহাসমাবেশের আগের দিন বলে আজ সংঘাত হতে পারে—এমন আশঙ্কা থেকে তাঁরা রাস্তায় গাড়ি নামাচ্ছেন না। তা ছাড়া পুলিশের রিকুইজিশন আতঙ্ক তো আছেই।গাড়ির অপ্রতুলতার কারণে অনেকেই রিকশা, টেম্পো ও হেঁটে অফিসে যান। আবার অনেকেই যদি আরেকটু অপেক্ষা করলে কিছু একটা পাওয়া যায়, এই আশায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ঘণ্টার পর ঘণ্টা। আবার যে অল্প কিছু যানবাহন রাস্তায় নেমেছে, সেগুলোতে ওঠার জন্যও যাত্রীদের মধ্যে দেখা গেছে তীব্র প্রতিযোগিতা।