শত বছরের পুরনো ভোলা পৌরসভার বাসিন্দারা পানি, জলোবদ্ধতা, ভাঙা সড়ক, যানজট, অতিরিক্ত রিকশা ভাড়া, মশার উপদ্রব, স্যানিটেশন ও ডাস্টবিন সংকটসহ নানা সমস্যায় দুর্বিষহ জীবনযাপন করছেন।পানি সমস্যা: সরকারি-বেসরকারিভাবে খাল ও পুকুর ভরাট, দখল, খালে বর্জ্য ফেলায় পৌরবাসীর জলীয় চাহিদা পূরণ করতে গভীর নলকূপ ও পৌরসভার সরবরাহের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু পৌরসভার নিজস্ব কোনো ওভারহেড ট্যাংক নেই। আছে আটটি পাম্পহাউজ ও ৩৫০টি গভীর নলকূপ। পানি গ্রাহকের সংখ্যা তিন হাজার চারটি, পানি সরবরাহের জন্য ৫০ কিলোমিটার পাইপলাইন টানা হয়েছে। কিন্তু ৮০ কিলোমিটার সড়কের দুই পাশে মানুষের বসবাস থাকলেও ৩০ কিলোমিটার এলাকায় কোনো পাইপলাইন টানা হয়নি। বাংলাস্কুল পুকুর, জেলা পরিষদ পুকুর, ডিসি অফিস, কোর্ট মসজিদ ও থানা পুকুরসহ কয়েকটি বিশালাকার পুকুর রয়েছ। পৌরসভা কয়েকটি পুকুর ভরাট করে ফেলেছে।আলিয়া মাদ্রাসা রোডের ওবায়দুর রহমান বলেন, ‘প্রতি মাসে পানির বিল আসে বাড়িতে। কিন্তু অধিকাংশ সময় সকালে লাইনে পানি থাকে না। আর যখন আসে তখন পানির গতি খুবই স্লো। পানির মধ্যে ময়লা থাকে। কিন্তু পানি বিশুদ্ধকরণ পাউডার দেওয়া হচ্ছে না।’ কালীবাড়ি সড়কের খোরশেদ আলম বলেন, ‘পানির লাইন নষ্ট হলে নিজস্ব অর্থ দিয়ে সংস্কার করতে হয়। নিয়মিত পানির লাইন তদারকি না করায় এসব লাইন বন্ধ হয়ে যায়। পৌরসভা বিল বাড়ানোর জন্য পৌরবাসীর কোনো মতামত গ্রহণ করে না।’ একই অভিযোগ পৌরসভার নয়টি ইউনিটের মানুষের। স্যানিটেশন ও ডাস্টবিন সংকট: ভোলা পৌরসভা এখনো শতভাগ স্যনিটেশনের আওতায় আসেনি। শিক্ষিত ধনাঢ্য ব্যক্তি, সব মসজিদ-মন্দিরের টয়লেট ও শৌচাগারের পাইপ ভোলা খালের সঙ্গে সংযুক্ত করা। ভোলা খালের সঙ্গে রয়েছে একাধিক কাঁচা পায়খানা। হাসপাতাল ও ক্লিনিকগুলো প্রতিদিনের বিষাক্ত বর্জ্য এ খালে ফেলছে। অথচ ওই ভোলা খাল পৌরসভার প্রাণ। ওই খালের পানি ব্যবহার করছেন ভোলা মাছ ও কাঁচা তরকারি ব্যবসায়ীরা।শহরের আবাসিক এলাকা ও বাজারগুলোয় কোনো ডাস্টবিন নেই। নেই পর্যাপ্ত পাবলিক শৌচাগার। ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না। বাজার এলাকায় কোনো ডাস্টবিন না থাকায় বাজারের বর্জ্য, বাসার ময়লা-আবর্জনা খাল পাড়ের সড়কের ওপর, ড্রেনের ভেতর নয়তো খালের ভেতর ফেলা হচ্ছে। খেয়াঘাট সড়কের বাসিন্দা মো. বেলাল (৩৬) বলেন, ‘তরকারি বাজার, মুরগির বাজার, মুড়ি বাজার ও খালপাড় বাজারে দুর্গন্ধে দাঁড়ানো যায় না। কিছু অফিসারের বাসার কাছে দু-একটি ডাস্টবিন থাকলেও শহরে কোথাও ডাস্টবিন নেই। এজন্য যত্রতত্র পথচারীরা গণ-শৌচাগার তৈরি করেছে। পৌরসভার সেদিকেও নজরদারি নেই।’ শিক্ষা-বিনোদন: পৌরসভার নিজস্ব কোনো স্কুল বা কলেজ নেই। বেসরকারি সাতটি স্কুল থাকলেও সেসব স্কুলে মানসম্পন্ন শিক্ষক না থাকায় ছাত্ররা ভালো ফলাফল করছে না। এজন্য বেশির ভাগ অভিভাবক দুটি সরকারি স্কুলেই ভর্তির জন্য হাঁপিয়ে ওঠেন। বেসরকারি স্কুলগুলোর শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধাও কম রয়েছে। ভোলা দিদার মসজিদ গলির বাসিন্দা ও শিক্ষক শারমিন জাহান জানান, ভোলা পৌরসভা অনায়াশেই একটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল চালাতে পারে। তাতে সরকারি স্কুলগুলোর ওপর চাপ কমবে। ভোলাবাসীকে বিনোদন ও নির্মল বায়ু সেবনের জন্য যেতে হয় খেয়াঘাট, নয়তো মেঘনা নদীর পাড়ে। কিন্তু ওই স্থানগুলো ভোলা পৌরসভা থেকে তিন-চার কিলোমিটার দূরে। এ ছাড়া বেসরকারিভাবে একটি শিশুপার্ক গড়ে উঠলেও সেখানে বাড়তি তেমন বিনোদনের ব্যবস্থা নেই। অফিসার পাড়ার বাসিন্দা আলমগীর কবীর বলেন, ‘পরিবার নিয়ে শিশুপার্কে গেলে ২০০ টাকা খরচ হয়, কিন্তু বিনোদন শূন্যের কোঠায়। এর জন্য পৌর মেয়রই দায়ী।’ সড়ক: পৌরসভায় সড়ক ও জনপথ, স্থানীয় সরকার, জেলা পরিষদ ও পৌরসভার প্রায় ৮০ কিলোমিটার সড়কের মধ্যে পিচঢালা সড়ক ৫০ কিলোমিটার, ইট বিছানো হেরিংবন সড়ক ১১ কিলোমিটার ও কাঁচা সড়ক রয়েছে সাড়ে পাঁচ কিলোমিটার। আট-সিসি ইট-সুরকিতে ঢালাই করা সড়ক রয়েছে প্রায় ১২ কিলোমিটার। হেরিংবন, কাঁচা ও আট-সিসি সড়কগুলো জরুরিভিত্তিতে নতুন করে পিচঢালাই করে নির্মাণ করা দরকার। বর্তমানে বাকি যে ৫০ কিলোমিটার পিচঢালা সড়ক রয়েছে তার ৭০ ভাগ সড়কে বিশাল বিশাল গর্ত। ভোলা আলিয়া মাদ্রাসা সড়ক, খেয়াঘাট সড়ক, গরুর হাট সড়ক, বৈদ্যবাড়ি সড়ক, হোমিও কলেজের সামনে থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়ক, নলিনী দাস স্কুলের সামনে থেকে বিশ্বরোড পর্যন্ত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়কের সবটুকু, কালীবাড়ি সড়ক, পাখিরপুল সড়ক, উপজেলা সড়ক, মুসলিমপাড়া সড়ক, পৌর কাঁঠালি সড়ক, আলগী সড়কসহ ভোলা পৌরসভার প্রায় ৫০ কিলোমিটার পিচঢালা সড়কের মধ্যে বড় বড় গর্ত। পাইলিং না থাকায় সড়কের অনেক অংশ পাশের পুকুরে ভেঙে নিয়ে গেছে। গত পাঁচ-সাত বছর এ অবস্থায় রয়েছে। কালীবাড়ি সড়কের বাসিন্দা মো. আলী জিন্নাহ জানান, ভোলার সড়ক যে হারে গর্ত হয়ে আছে তাতে মনে হয়, ভোলা পৌরসভার কোনো অভিভাবক নেই। জলাবদ্ধতা: পৌরসভায় ভারী বর্ষা হলেই গত চার-পাঁচ বছর ভোলা সদর রোডসহ শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে বর্জ্যসহ ড্রেনের পানি সড়কে উঠে আসে। পাখিরপুল সড়কের বাসিন্দা সুখরঞ্জন জানান, তাঁর এলাকায় প্রতি বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। একই অবস্থা ভোলা আলিয়া মাদ্রাসার পশ্চিম দিকে আলিয়া মাদ্রাসা ও গরুর হাট সড়কের আশপাশে। এ ছাড়া যে ড্রেনগুলো আছে, তা বছরে একবারও পরিষ্কার করা হয় না। সদর রোডের ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, ভোলা সদর রোডের দুই পাশে কোনো ড্রেন নেই। পৌরসভা ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করে না। ১০ বছরেও ভোলার অনেক ড্রেন পরিষ্কার হয়নি। বর্জ্য-ময়লা-আবর্জনা পড়তে পড়তে ড্রেন ভরাট হয়ে গেছে। ফুটপাতে খাম্বা, দোকানপাট: ভোলা শহরে পৌরসভা নির্ধারিত কোনো রিকশা-টেম্পো-অটোরিকশাস্ট্যান্ড নেই। কালীনাথ রায়ের বাজার থেকে যুগীরঘোলা এলাকা পর্যন্ত ভোলা খালপাড় সড়ক, নতুন বাজার ও বাসস্ট্যান্ডে যানজট লেগেই থাকে।বাংলা স্কুলের সামনে, ন্যাশনাল ডায়াগনিস্ট সেন্টারের মোড়ে, কালিনাথ রায়ের বাজার, নতুন বাজার টাউন হলের সামনে, জজকোর্টের সামনে অবৈধ টেম্পো ও মাইক্রোস্ট্যান্ড গজিয়ে উঠেছে। শহরের প্রধান সড়ক চওড়া না হওয়ায় দুটি রিকশা পরস্পরকে অতিক্রম করলে দুপাশে কোনো জায়গা থাকে না। এ অবস্থায় সড়কের দুপাশে রিকশা-অটোরিকশা, টেম্পো দাঁড়িয়ে থাকা এবং নিয়মিত বিকল্প সড়ক দিয়ে বাস-ট্রাক না চলায় যানজট লেগে থাকে। ভোলায় সড়কের দুপাশে কোনো ফুটপাত নেই। এ ছাড়া সড়কের দুপাশে পুকুর ও মাটির অংশ না থাকা, ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা সড়কের মধ্য দিয়ে হাঁটে। অধিকাংশ বাড়ি নীতিমালা অনুসারে সড়কের জন্য নির্ধারিত জমি না রেখে নির্মাণ করা হচ্ছে। রাস্তা দখল করে ইট-বালু রেখে সেখানে বাড়ি-মার্কেট নির্মাণের কাজ করছে। এত সমস্যার মধ্যে শতশত অবৈধ মালবাহী নসিমন ও ক্যকরা ট্রলি সড়কজুড়ে চলাফেরা করায় সড়কের ভেতর যানজট সৃষ্টি হচ্ছে। কিন্তু পৌরসভা কোনো তদারকি করছে না। সদর রোডের যানজট কমানোর জন্য ভোলা খাল দখল করে বাইপাস খালপাড় সড়ক নির্মাণ করলেও তা দখল করে আছে ফুটপাতের তরকারি ব্যবসায়ী ও অবৈধ নসিমন। প্রতিদিন সকাল-বিকেল দুইবেলা ব্যবসায়ীরা পুরো রাস্তা দখল করে কেনাবেচা করেন। অতিরিক্ত রিকশা ভাড়া: শহরের বয়স শত বছর পার হলেও আজও রিকশা ভাড়ার চার্ট তৈরি করে বিভিন্ন সড়কের মোড়ে ঝুলিয়ে দিতে পারেনি পৌরসভা। ফলে রিকশাওয়ালারা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে। ভোলায় এখন আর পাঁচ-নয় টাকার কোনো ভাড়া নেই। রিকশায় উঠলেই ১০ টাকা ভাড়া দিতে হয়। না হলে অনায়াশে ঝগড়া বাধে। ভোলা শহর থেকে লঞ্চঘাটের দূরত্ব তিন কিলোমিটার, সেখানে ভাড়া নিচ্ছে ৪০ টাকা থেকে ১০০ টাকা। কালীবাড়ি সড়কের বাসিন্দা এস এম কামরুজ্জামান বলেন, ‘পৌর মেয়রকে বারবার বলা সত্ত্বেও তিনি ভাড়ার চার্ট সড়কের মোড়ে মোড়ে টানাচ্ছেন না।’ ভোলা হেলিপ্যাড সড়কের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ভাড়ার চার্ট করলে মেয়র সাহেবের ভোট কমে যাবে। কারণ বেশির ভাগ রিকশাওয়ালারা তাঁর পরিবারের ভক্ত।’বাতি নেই আছে মশার উপদ্রব: পৌরসভার অনেক সড়কে ও অফিসের ল্যম্পপোস্টে বৈদ্যুতিক বাতি নেই। নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন অফিসের কর্মকর্তারা জানান, পৌর এলাকায় বিভিন্ন অফিস থেকে বছরে পৌরসভা মোটা অঙ্কের পৌরকর নিচ্ছে। অথচ রাতে ভুতুড়ে পরিবেশ হয়ে থাকে। ল্যাম্পপোস্টে ভাল্ব থাকে না। অফিসের প্রতিটি ল্যাম্পপোস্টে বাতি একান্ত জরুরি। কালীবাড়ি সড়কের বাসিন্দা শামীম আহাম্মেদ জানান, ল্যাম্পপোস্টে বাতি না থাকায় শহরে প্রতিদিন চুরি হচ্ছে। বখাটেরা অন্ধাকারে দাঁড়িয়ে মেয়েদের ইভ টিজিং করাসহ মাদক সেবন করছে। শহরের ড্রেন, ভোলা খাল ও ডোবা পরিষ্কার না করাসহ নিয়মিত মশার ওষুধ স্প্রে না করায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। দ্রুত গ্যাস সরবরাহের দাবি: ভোলায় প্রায় এক বছরে ২০ কিলোমিটার সড়কের পাশে গ্যাস লাইন টানা হয়েছে। কিন্তু বাকি সড়কে কোনো গ্যাস লাইন টানা হয়নি। যে এলাকায় গ্যাস লাইন টানা হয়েছে, সে এলাকার রাস্তার গর্ত এখনো সংস্কার করা হয়নি। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানসহ পৌরবাসীর দাবি, দ্রুত গ্যাস লাইন টানা, গ্যাস সংযোগ ও অন্যান্য সমস্যা দূর করা হোক। মেয়রের বক্তব্য: পৌর মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ সরকার, এডিবি (সুদযুক্ত), কেএফডব্লিউ ও জিটিজেড (সুদমুক্ত) যৌথ অর্থায়নে ২৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভোলা পৌরসভা উন্নয়নের জন্য ৩৬টি কমিউনিটি সংগঠন কমিটি গঠন করা হয়েছে। একটি এলাকায় কী কী উন্নয়ন করা দরকার, তার পরিকল্পনা করবে ওই কমিটি। এ প্রকল্পের আওতায় রাস্তাঘাট পাকা ও সংস্কার করা হবে। মার্কেট, ড্রেন, কালভার্ট, কমিউনিটি সেন্টার, ট্রান্সফার স্টেশন, ডাম্পিং পয়েন্ট নির্মাণ করা হবে। বাসস্ট্যান্ড সংস্কার, সৌন্দর্যবর্ধন, লাইটিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করা হবে। সড়কের পাশে পৌরসভার নিজস্ব কোনো জমি নেই। ইচ্ছে করলেই চাহিদামতো ড্রেন করা যায় না। সব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’১৯২০ সালের ১০ অক্টোবর ভোলা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে। বর্তমানে পৌরসভার আয়তন ৩১ দশমিক ৪৮ বর্গ কিলোমিটার। মোট লোকসংখ্যা ৬০ হাজার ৯৩৩ জন (২০০৮ সালের তথ্য অনুযায়ী)। এর মধ্যে পুরুষ ৩১ হাজার ৩৭২ জন এবং মহিলার সংখ্যা ২৯ হাজার ৫৬১ জন। পৌর এলাকায় মোট হোল্ডিং সংখ্যা প্রায় ১০ হাজার ৭০০। কাঁচা ঘরের সংখ্যা ৭৮ হাজার ৫টি, পাকা ঘরের সংখ্যা এক হাজার ১৩টি এবং আধাপাকা ঘরের সংখ্যা এক হাজার ৮৩১টি। পৌর এলাকায় মোট সড়কের পরিমাণ ৮০ কিলোমিটার। পৌর এলাকায় মোট ১০৯ দশমিক ৫০ কিলোমিটার পাকা ড্রেন আছে। বিদ্যুতের পুল আছে তিন হাজার ২৮৫টি। বাতির সংখ্যা দুই হাজার ৭৫০টি। হাট-বাজারের সংখ্যা ১৩টি। দুটি সরকারি কলেজ ছাড়াও তিনটি বেসরকারি ডিগ্রি কলেজ আছে। দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও সাতটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে। ১৬টি প্রাথমিক বিদ্যালয়, আটটি মাদ্রাসা, একটি ভকেশনাল ও ১৯টি কিন্ডারগার্টেন আছে। তবে পৌরসভার নিজস্ব কোনো বিদ্যালয়, পার্ক নেই।