দুর্ভোগে প্রবাসী-নির্ভর পরিবারগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে চরম দুর্ভোগে পড়েছে প্রবাসী-নির্ভর পরিবারগুলো। শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের তিন দিনের ছুটিসহ পাঁচ দিন বন্ধ থাকায় ব্যাংকে প্রবাসী রেমিট্যান্স আসার পরও টাকা তুলতে না পেরে পরিবারগুলোর ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। আজ রোববার ঈদের আগের দিনও গ্রামাঞ্চল থেকে চেক নিয়ে এসে ব্যাংক থেকে ফিরে গেছেন অনেকে।কমলগঞ্জের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক শাখা সূত্রে জানা গেছে, আজ থেকে ঈদের ছুটির কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত ছুটি থাকবে। তবে এর আগে গত শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ ছিল বলে বাণিজ্যিক ব্যাংকগুলো পাঁচ দিনের ছুটিতে পড়ে গেছে।সোনালী ব্যাংকের শমশেরনগর শাখার ব্যবস্থাপক হরিমোহন সিংহ গ্রাহক দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, গত বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁরা ব্যাংক শাখায় কাজ করেছেন। কমলগঞ্জের সব বাণিজ্যিক ব্যাংকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স শেষ মুহূর্ত পর্যন্ত আসে। এসব রেমিট্যান্সের টাকা তোলার পর প্রবাসীদের পরিবারের সদস্যরা কেনাকাটা করে থাকেন। এ জন্য আজ গ্রামাঞ্চল থেকে অসংখ্য গ্রাহক চেক নিয়ে এসে ব্যাংক বন্ধ পেয়ে বাড়ি ফিরে গেছেন।শমশেরনগরের চাকরিজীবী নজরুল ইসলাম বলেন, তাঁর গ্রামের লোকজন আজ চেক নিয়ে ব্যাংক বন্ধ পেয়ে তাঁর কাছ থেকে টাকা ধার নিয়ে কেনাকাটা করেছেন।ওয়ালটন সামগ্রীর এক ডিলার বলেন, কুরবানির ঈদের আগে সাধারণত অনেক ফ্রিজ বিক্রি হয়। ক্রেতারা ব্যাংক থেকে টাকা তুলে এসব সামগ্রী কেনেন। কিন্তু স্থানীয় অনেকেই টাকা তুলতে না পারায় এবার ব্যবসায় মন্দা চলছে।