দুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ
রাজধানী ঢাকায় আগামীকাল বুধবার গণসংযোগ কর্মসূচিতে জনতার ঢল নামবে বলে আশা করছে ১৮ দল। কর্মসূচির কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশও করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম দাবি করেন, চরম ব্যর্থ সরকারের বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদে কাল মুখরিত হয়ে উঠবে ঢাকা মহানগর।তরিকুল ইসলাম বলেন, কালকের কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, মানুষের জানমাল ও ইজ্জত রক্ষা, ন্যায় বিচারের আদালত নিশ্চিত এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এ কর্মসূচি।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম বলেন, আগামীকাল জনগণের গণ-অনাস্থা দেখে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে। সরকার তত্ত্বাবধায়ক সরকার দিতে চায় না ঠিক, তবে তা দিতে বাধ্য হবে।তরিকুল ইসলাম দাবি করেন, তাদের কর্মসূচিকে কেন্দ্র করে সব ধরনের কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মী ছাড়াও ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।আগামীকাল বেলা ১১টায় রাজধানীর গাবতলীতে পথসভার মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করবেন খালেদা জিয়া। এরপর কারওয়ান বাজার, ধোলাইখাল, যাত্রাবাড়ী, সবুজবাগ ও বাড্ডায় পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে। এ ছাড়া দেশের সাত মহানগরেও বিএনপি ও জোটের নেতারা গণসংযোগ করবেন। গত ২৮ নভেম্বর নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে খালেদা জিয়া এ কর্মসূচি দেন।সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুস সালাম কালকের গণসংযোগ কর্মসূচির রোডম্যাপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, গাবতলীর কর্মসূচি শেষে মিছিল নিয়ে কারওয়ান বাজার এসে পথসভা হবে। এরপর কারওয়ান বাজার থেকে এফডিসি, মগবাজার, কাকরাইল মসজিদ-কার্জন হল, গুলিস্তান হয়ে পুরান ঢাকার নর্থ সাউথ রোডে যাবে খালেদা জিয়ার গাড়িবহর। পুরান ঢাকার ধোলাইখালে পথসভা শেষে দয়াগঞ্জ হয়ে যাত্রাবাড়ী যাবেন খালেদা জিয়া। যাত্রাবাড়ীর ডেমরায় পথসভা শেষে ফারুক রোড হয়ে সায়েদাবাদ, মুগদা পেরিয়ে সবুজবাগের বালুর মাঠে পথসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন। সেখান থেকে বাসাবো, খিলগাঁও, মালিবাগ, রামপুরা হয়ে বাড্ডায় পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। কর্মসূচির কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেন বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুস সালাম।