দুর্ভোগের নাম বথুয়াবাড়ী সেতু
বগুড়ার শেরপুর ও ধুনটসহ চার উপজেলার অন্তত ২০ লাখ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বথুয়াবাড়ী বেইলি সেতু। বন্ধ হয়ে গেছে ১০ রুটের সরাসরি যানবাহনের যোগাযোগ। ফলে এ সেতু দিয়ে চলাচলকারী বগুড়ার শেরপুর, ধুনট, সারিয়াকান্দি ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হাজার হাজার সাধারণ মানুষকে এখন মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় সেতুটি কবে নাগাদ খুলে দেওয়া হবে সংশ্লিষ্ট কেউ তা ঠিক করে বলতে পারেনি। শেরপুর থেকে জেলার ধুনট উপজেলাগামী বাঙালী নদীর ওপর এই সেতু। স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এর ওপর দিয়ে গত মাসে বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে শুরু হয় সাধারণ জনগণের দুর্ভোগ।সরেজমিনে দেখা যায়, ওই সেতু পার হতে অসুস্থ মানুষকে পড়তে হচ্ছে সবচেয়ে কষ্টে। কৃষকদেরও ভোগান্তির শেষ নেই। তাঁদের উত্পাদিত পণ্য বিক্রির জন্য মাথায় করে ওপারে নিতে হয়। পাশাপাশি জরুরি প্রয়োজনে ছোট যানবাহনের মধ্যে সিএনজি অটোরিকশা এবং সেচকাজে ব্যবহূত পাওয়ারটিলারগুলো নৌকায় পার করা হচ্ছে। এতে প্রতিটি যানবাহনের জন্য নৌকা ভাড়া দিতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা।ওই সেতু এলাকার আলতাব হোসেন ও আলী হোসেন জানান, ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে পায়ে চালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচলে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু সেতুর ওপর দিয়ে ছোট যানবাহন চলাচলে বাস মালিকেরা বিরোধিতা করায় এমনকী ধর্মঘটের মতো কর্মসূচি ঘোষণা দেওয়ায় গত ডিসেম্বরে সওজ কর্তৃপক্ষ সেতুর ওপর সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।চেইন মাস্টার আলাউদ্দিন ও সাইফুল ইসলাম জানান, এসব রুটে সেতুর ওপর দিয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫টি যাত্রীবাহী বাস, ২০০ থেকে ২৫০টি সিএনজি অটোরিকশা, ৩০০ ভ্যান-রিকশাসহ অসংখ্য যানবাহন যাতায়াত করত। সেতুটি বন্ধ করে দেওয়ায় চরম কষ্টের শিকার হতে হচ্ছে এসব মানুষকে। তারা এই সেতু দ্রুত পুনঃ নির্মাণসহ জনদুর্ভোগ দূর করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।এসব বিষয়ে কথা বললে বগুড়া সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান, ঢাকার একটি এক্সপার্ট দল সেতুটি পরিদর্শন করে সব ধরনের যান চলাচল ঝুঁকিপূর্ণ বলে সিদ্ধান্ত দিয়েছেন। তাই পথচারীদের জন্য সেতুটি উন্মুক্ত রেখে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সেতুর সমস্যা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই বেইলি সেতুর জায়গায় ঢালাই করা সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।এ প্রসঙ্গে বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) সাংসদ হাবিবর রহমান বলেন, বথুয়াবাড়ী সেতুটি নতুনভাবে নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।