দুর্ভোগের হেতু নির্মাণাধীন পাঁচ সেতু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলিখাল এলাকায় পুরোনো সেতুর স্থানে নতুন সেতু নির্মাণ হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পাশেই বিকল্প যোগাযোগের বেইলি সেতু। এই সেতু দিয়ে যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মানুষজন। হঠাৎ সেতুর একটি পাটাতন ভেঙে পড়ল। ভাঙা পাটাতন অপসারণ করতে গিয়ে এবার পুরো এক পাটি খুলে চলল তাৎক্ষণিক মেরামত। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেল সরাসরি যোগাযোগ।বেইলি সেতুর উভয় পাশে যাত্রীবাহী ছোট-বড় যানের সঙ্গে আটকা পড়ল বালু-পাথরবাহী শত শত ট্রাক। এ অবস্থায় সময়ক্ষেপণ না করতে যাত্রীরা হেঁটে এপার-ওপার হয়ে যানবাহন বদল করে যাতায়াত করছেন। বিকল্প সেতুর ভাঙা পাটাতন পাড়ি দিতে দুই বৃদ্ধ নারীকে সহায়তা করতে এগিয়ে আসা সড়কপথে নিত্য যাতায়াতকারী উসমান গণি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এ অবস্থায়ই আছি আমরা। আইবার-যাইবার (যাওয়া-আসা) ভরসা থাকে না!’এক যাত্রীর তিক্ততার এই ‘যাইবার-আইবার ভরসা’ না থাকা সড়ক হচ্ছে সিলেটের একটি আঞ্চলিক মহাসড়ক—কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ। বাংলাদেশের সর্ববৃহৎ বালু-পাথর কোয়ারি ভোলাগঞ্জ হওয়ায় এ সড়কটি মালবাহী যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ। সড়ক ও জনপথের ব্যবস্থাপনাধীন এ সড়কে ঝুঁকিপূর্ণ সেতুর মধ্যে একসঙ্গে পাঁচটি সেতুর নির্মাণকাজ প্রায় এক বছর ধরে চলায় অবর্ণনীয় দুর্ভোগে চলাচল করতে হচ্ছে কোম্পানীগঞ্জবাসীকে।সওজের পর্যবেক্ষণে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে ব্যস্ত ও ভারী যানবাহন চলাচলের এ সড়কের বর্ণি এলাকায় তিনটি, লালাখাল ও তেলিখালে দুটি করে মোট পাঁচটি নতুন সেতু একসঙ্গে নির্মাণের কাজ চলছে। জনগুরুত্বপূর্ণ সড়কে পাঁচটি সেতুর নির্মাণকাজ ধীরগতিতে চলায় দুর্ভোগের হেতু হয়ে পড়েছে এখন নির্মাণাধীন সেতুগুলো।যেখান থেকে শুরু: সালুটিকর এলাকা হচ্ছে এ সড়কের প্রথম ভাগ। গোয়াইনঘাটসহ সিলেট সদরের অন্যান্য এলাকায় সড়ক যোগাযোগের মিলন ঘটেছে এখানেই। সিলেট ওসমানী বিমানবন্দরের পেছনে সালুটিকর থেকে কোম্পানীগঞ্জ সড়কে যাতায়াতে দুর্ভোগকে সঙ্গী করতে হয়। কোম্পানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ জামালউদ্দিন জানালেন, সিলেট থেকে ওই সড়কে প্রবেশ করা মাত্রই খানাখন্দ আর ভাঙাচোরা অবস্থায় অনেকে বিষিয়ে ওঠে। সড়কের শুরুতে এমন অবস্থা হয়েছে কিন্তু প্রায় এক বছর ধরে পাঁচটি সেতুর নির্মাণকাজের সরঞ্জামাদি আনা-নেওয়া করতে এমন বেহাল হয়েছে।সরেজমিনে গিয়ে এ কথার সত্যতাও মিলেছে। সালুটিকরের মুখে মালবাহী ট্রাকের যত্রযত্র যাতায়াত আর একই এলাকায় একাধিক পাথর ভাঙার কারখানার কারণে বিমানবন্দরের পেছনজুড়ে প্রায় আধা কিলোমিটার সড়কের অবস্থা একেবারে বেহাল। স্থানীয়রা অভিযোগ করেন, পুরো সড়কের যেকোনো একটি অংশে কাজ করতে গেলে শুরুর এ অংশের ওপর চাপ পড়ে। শেষে এ অংশটি সংস্কারহীন অবস্থায় পড়ে থাকতে থাকতে এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ আকার ধারণ করেছে।‘ডাইভারশন’ ভয়!: পাঁচটি সেতুর নির্মাণের কাজ চলায় বিকল্প যোগাযোগের বেইলি আকৃতির সেতু ‘ডাইভারশন’ হিসেবে পরিচিত। ভোলাগঞ্জ থেকে সিলেট আসতে কিংবা সিলেট থেকে কোম্পানীগঞ্জ যাতায়াতে এই ডাইভারশন নিয়ে যাত্রী নয়, যানবাহন চালকদের রয়েছে এক ধরনের ভয়। সরাসরি যাতায়াতে বিঘ্ন ঘটাসহ ছোটখাটো দুর্ঘটনাও ঘটে ওই ডাইভারশন পাড়ি দিতে। সিলেটের আম্বরখানার অটোরিকশাচালক ভাড়ায় সরাসরি ভোলাগঞ্জ যাতায়াতে এ ভয়ের কথা জানিয়ে বলেন, ‘আমরা এখন রিজার্ভে গেলে আগেই বলে রাখি, যেখানে সেতু ভাঙার জন্য সরাসরি যাতায়াত বন্ধ থাকবে, সেখান পর্যন্ত যেতে ভাড়ার এক-তৃতীয়াংশ টাকা দিতে হবে।’যাত্রীদের চেয়ে চালকদের মধ্যে এ ভয়ের কারণ হচ্ছে, নতুন সেতুর নির্মাণস্থলে বিকল্প যোগাযোগের ব্যবস্থা অপরিকল্পিতভাবে করা। বর্ণি থেকে তেলিখাল পর্যন্ত পাঁচটি সেতুর আশপাশ ঘুরে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শুষ্ক মৌসুমে বিকল্প যোগাযোগের ব্যবস্থা তৈরি করা হলেও বর্ষার শুরুতে গিয়ে জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াত-বিড়ম্বনা প্রকট হয়ে পড়ে। এ অবস্থা কাটানো হলেও পড়ে ভরা বর্ষায় আরেকদফা দুর্ভোগ দেখা দেয়। শেষে এ অবস্থা মোকাবিলায় স্থানীয় জনসাধারণের সহায়তাও নেওয়া হয়। বর্ণি গ্রামের আবদুল খালিক জানান, বিকল্প যোগাযোগের এ অবস্থায় অনেকের ধারণা ছিল, দ্রুতগতিতে সেতুগুলো নির্মাণ হবে। কিন্তু এক বছরে অর্ধেক কাজও শেষ না হওয়ায় মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।তথ্য নেই: প্রকল্প এলাকার উন্নয়ন চলাকালীন যাবতীয় তথ্য জনসাধারণকে অবহিতকরণের স্বার্থে প্রদর্শনের বাধ্যবাধকতা থাকলেও পাঁচটি সেতুর নির্মাণ এলাকায় এ-সংক্রান্ত কোনো তথ্য প্রদর্শিত নেই। দেখা গেছে, বর্ণি থেকে তেলিখাল পর্যন্ত নির্মাণাধীন পাঁচ সেতুর প্রতিটির নির্মাণ ব্যয়, কাজ সম্পন্নের মেয়াদ ও নির্মাণকাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের পরিচিতি নেই। সরেজমিনে গিয়ে পাঁচ সেতুর নির্মাণ স্থাপনায় যোগাযোগ করে কেবল শ্রমিকদের পাওয়া গেছে। ঠিকাদার বা তাঁদের প্রতিনিধিদের কারও সাক্ষাৎ মেলেনি। এ ব্যাপারে তেলিখাল এলাকায় পরিদর্শনরত সওজের একজন সাইট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সারা দেশে একসঙ্গে অনেক কাজ করায় জবাবদিহি এড়াতে তথ্য প্রদর্শনের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। তবে এসবই সওজের প্রকৌশল বিভাগের সংরক্ষিত রয়েছে। সওজ কী বলে?: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কটি সওজের অধীন একটি বিশ্বরোড। সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে ব্যস্ত ও ভারী যানবাহন চলাচলের সড়ক। প্রতিদিন অন্তত চার হাজার মালবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী আরও সহস্রাধিক ছোট-বড় যানবাহন চলাচল করে। ৩৭ কিলোমিটার দীর্ঘ সড়কে ঝুঁকিপূর্ণ ব্রিজ ১০টি। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে পাঁচটি ব্রিজের কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প প্রস্তাবনায় এভাবেই উল্লেখ রয়েছে। এর মধ্যে নির্মাণাধীন পাঁচটি সেতুর কাজ চলতি বছরের মধ্যেই শেষ হবে এবং ঝুঁকিপূর্ণ আরও চারটি সেতু নির্মাণে দরপত্র ডাকা হয়েছে। শিগগিরই এগুলোর কাজও শুরু হবে বলে উল্লেখ রয়েছে।পাঁচটি সেতুর নির্মাণকাজ সম্পন্নে দরপত্রের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী শাহ মো. মুসা প্রথম আলোকে ‘খুব শিগগিরই শেষ হবে’ বলে জানান। নির্মাণাধীন সেতুর কারণে দুর্ভোগ এবং পুরোনোগুলো ঝুঁকিপূর্ণ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী প্রকল্প প্রস্তাবনার ওই মন্তব্যের মতো করে বলেন, ‘সিলেট জেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী কোম্পানীগঞ্জ সড়কটি অতি ব্যস্ততম সড়ক। এক সড়ক দিয়ে এত গাড়ি চলাচল বোধহয় বাংলাদেশের অন্য কোনো সড়কের বেলায় ঘটেনি। ইতিমধ্যে পাঁচটি ব্রিজের কাজ শুরু হয়েছে, আরও চারটির কাজ শিগগিরই শুরু হবে। তবে ভাঙাচোরা রাস্তা মেরামত শিগগিরই হচ্ছে না। আশার কথা, আমরা এই সড়ক নির্মাণের জন্য একটি প্রকল্প তৈরি করছি। এর অনুমোদন হলেই কাজ শুরু হবে।’দীর্ঘতম সেতুর দীর্ঘশ্বাস!: কোম্পানীগঞ্জের ধলাই নদীর ওপর নির্মিত সেতুটি হচ্ছে সিলেট বিভাগের সবচেয়ে দীর্ঘতম সেতু। দৈর্ঘ্য প্রায় ৪৩৪ দশমিক ৩৫ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১২ কোটি ৮১ লাখ টাকা। চারদলীয় জোট সরকার আমলের শেষ দিকে এ সেতু উদ্বোধন করে চলাচল উপযোগী করে দেওয়া হয়। তখন এ সেতুর নাম ছিল ‘ধলাই সেতু’।সড়ক ও জনপথ বিভাগের দীর্ঘতম সেতু নির্মাণ প্রকল্প শেষে সম্ভাবনায় বলা হয়েছে, ‘সড়ক যোগাযোগ তো বটেই, সেতু নির্মাণের ক্ষেত্রে সিলেট অঞ্চল অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে!’ কিন্তু বাস্তবতা হলো, এই দীর্ঘতম সেতুর মধ্যে এক ধরনের দীর্ঘশ্বাস লুকায়িত। এর একমাত্র কারণ হচ্ছে—অন্য সেতুগুলো নির্মাণে শম্বুকগতি এবং ঝুঁকিপূর্ণ সেতুর কারণে পুরো সড়কে যান চলাচল স্বাভাবিক না থাকায় দীর্ঘতম সেতু নির্মাণ যথাযথ হচ্ছে না বলে এলাকাবাসী মনে করছে।