দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে: বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতিসংঘের মহাসচিব হিসেবে এটা আমার দ্বিতীয় বাংলাদেশ সফর। কিন্তু ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়া সরকারের একজন কূটনীতিক হিসেবে আমি ঢাকায় দায়িত্ব পালন করেছি। এই চার দশকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। কম কার্বন নিঃসরণের মাধ্যমে উন্নয়নের পথে এগোনোর ক্ষেত্রেও বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে।’জলবায়ু বিপন্ন দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামের’ (সিভিএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এসব কথা বলেছেন। গতকাল সোমবার রাজধানীতে এ বৈঠক শেষ হয়েছে। মুন বলেন, আসন্ন ডারবান সম্মেলনে শিল্পোন্নত দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিলের জোগান নিশ্চিত করতে হবে।বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত বছর বিশ্বে অতিরিক্ত তিন লাখ মানুষ মারা গেছে। ১৩ হাজার কোটি ডলারের সম্পদ বিনষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ প্রতিবছরই বাড়ছে। সময়মতো পদক্ষেপ না নিতে পারলে ক্ষতি আরও বাড়বে।শেখ হাসিনা বলেন, ‘ধরিত্রী সম্মেলনের দুই যুগ অতিবাহিত হচ্ছে, গ্রিনহাউস গ্যাস হ্রাসে বিশ্বে কোনো অগ্রগতি হয়নি। গ্যাস নির্গমন বেড়েই চলছে। এ ধারা বিশ্বের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাংলাদেশের মতো সম্পদের সীমাবদ্ধতা আছে—এমন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। আমরা চরম জলবায়ু অবিচারের শিকার। বিশ্বকে এটা স্বীকার করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের জলবায়ু কনভেনশনের অগ্রগতি অত্যন্ত ধীর ও অপর্যাপ্ত। প্রয়োজনীয় তহবিল ও প্রযুক্তি দেওয়া হচ্ছে না। যেসব শর্ত দেওয়া হচ্ছে, তা স্বল্পোন্নত দেশগুলোর কাছে গ্রহণযোগ্য নয়। ফলে বাংলাদেশের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ দেশগুলো সহায়তা পাওয়া থেকে বঞ্চিত রয়েছে।শেখ হাসিনা বলেন, কানকুনে গৃহীত গ্রিন ক্লাইমেট তহবিল সংগ্রহের বিষয় স্পষ্ট করা হচ্ছে না। কিয়োটো চুক্তির আশানুরূপ বাস্তবায়নও হচ্ছে না।১৯৯১ ও ২০০৭ সালের ঘূর্ণিঝড়ে এ দেশের মানুষের মৃত্যু ও ক্ষতির কথা স্মরণ করে বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ থেকে রক্ষা পেলে হাজারো জীবন বাঁচানো সম্ভব। বাংলাদেশের ৪০ হাজার স্বেচ্ছাসেবক ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য কাজ করছে। তবে বাংলাদেশের মতো স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর পক্ষে এত অর্থ ব্যয় করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খেয়ে চলা যাবে না।দ্বীপরাষ্ট্র কিরিবাতির উদাহরণ দিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘সেখানকার সর্বোচ্চ জমিটি সাগরপৃষ্ঠ থেকে তিন মিটার উঁচু। আমি কিরিবাতির ওই এলাকায় যখন গিয়েছিলাম, আমাকে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল।’কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট হোসে মারিয়া ফিগারস ওলসেন বলেন, ‘আমরা যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নই, তারাই কথা বলছি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে।’ ওলসেন বলেন, যারা খুবই শক্তিশালী দেশ, তারা কোনো কথাই শুনতে চায় না। অন্যায়ের বিরুদ্ধে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন শুরু হয়েছে মন্তব্য করে ওলসেন বলেন, শিল্পোন্নত দেশগুলো জলবায়ু বিপন্ন দেশগুলোর কথা না শুনলে ‘ডারবান দখল করো’ আন্দোলন শুরু করতে হবে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম বলেন, এবারের সম্মেলন ডারবানের জন্য বার্তা পাঠানো, কার্বন নিঃসরণ কমানো, অনুন্নত দেশগুলোকে সহায়তা করার বিষয়ে সফল হবে।সিভিএফের সদস্যদেশ আফগানিস্তান, ভুটান, কোস্টারিকা, ইথিওপিয়া, গাম্বিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, নেপাল, ফিলিপাইন, সেন্ট লুসিয়া, তানজানিয়া, তিমুল-লেসথে, তুভালু, ভানুয়াতু ও ভিয়েতনামের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন।