দুর্যোগ মোকাবিলায় কৌশল গ্রহণে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ, জনসংখ্যার চাপ এবং অপরিকল্পিত নগরায়ণ সমস্যা মোকাবিলায় সময়োপযোগী উন্নয়ন কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার সকালে ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ২০৩০: স্টাটেজি ফর গ্রোথ কনফারেন্স’ শীর্ষক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভুলে গেলে চলবে না, ২০৩০ সালের মধ্যে আমাদের মোকাবিলা করতে হতে পারে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অধিক জনসংখ্যার চাপ এবং নগরায়ণ সমস্যা। এ সময় ঢাকা পৃথিবীর অন্যতম মেগাসিটিতে পরিণত হবে। এর জনসংখ্যা হবে তিন কোটির ওপরে। চাষাবাদ এবং আবাদযোগ্য জমির অভাব দেখা দেবে। আবহাওয়ার পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। এ পরিস্থিতিতে আমাদের সঠিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই।’অধিক জনসংখ্যার চাপ থেকে ঢাকাকে রক্ষায় দেশব্যাপী অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা আরও বলেন, সরকার উন্নত, স্বনির্ভর ও আত্মপ্রত্যয়ী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রূপকল্প ২০২১ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ রূপকল্পের মূল লক্ষ্য দেশে দারিদ্র্যের হার ব্যাপকভাবে কমানো এবং প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। এ সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন এবং সর্বোপরি মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।প্রধানমন্ত্রী আরও বলেছেন, অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ডে বেসরকারি খাতের সঠিক অংশগ্রহণ জরুরি। এ প্রেক্ষাপটে সরকার ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ (পিপিপি) কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে একটি গাইডলাইনও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস।