দুর্যোগ মোকাবিলায় জাতীয় পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ভূমিকম্পের সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় একটি ‘কনটিনজেন্সি প্লান’ (আকস্মিক কোনো ঘটনা মোকাবিলার জন্য পূর্বনির্ধারিত পরিকল্পনা) তৈরি করেছে সরকার। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) এই পরিকল্পনা তৈরি করেছে। এতে দুর্যোগকালে কেন্দ্রীয় সরকার, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশন এবং পাঁচটি সংস্থার ভূমিকা কী হবে তা বলা হয়েছে।পাঁচটি সংস্থা হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্বাস্থ্য অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। এ ছাড়া গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহকারী সংস্থা, টেলিযোগাযোগ কোম্পানি-বিটিসিএল এবং মানবিক সহায়তা দানকারী বিভিন্ন সংস্থার ভূমিকাও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নয়টি আলাদা দলের (ক্লাস্টার) কার্যক্রম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জাতিসংঘ ২০০৫ সালে দুর্যোগ মোকাবিলায় পাকিস্তান-শাসিত কাশ্মীরে এই ‘দলগত পদ্ধতি’ ব্যবহার করে সুফল পায়। এরপর থেকে অন্য দেশেও এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।কার কী দায়িত্বপরিকল্পনা অনুযায়ী ক্লাস্টার-১ বা এক নম্বর দলের সার্বিক তত্ত্বাবধান ও সব সংস্থার মধ্যে সমন্বয় করবে। এই দলের নেতৃত্বে থাকবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় (মন্ত্রণালয়ের গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি)। দ্বিতীয় দলের নেতৃত্বে থাকবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই দলের কাজ হবে অনুসন্ধান, ‘উদ্ধার ও জঞ্জাল পরিষ্কার (ইভাকুয়েশন) করা। এসব কাজের মধ্যে আছে সাধারণ অনুসন্ধান ও উদ্ধার করা থেকে শুরু করে বিশেষায়িত অনুসন্ধান ও উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসার ব্যবস্থা, মাঠপর্যায়ে দুর্গতদের চিহ্নিত ও উদ্ধার, আহত ব্যক্তিদের চিকিৎসাকেন্দ্রে পাঠানো প্রভৃতি জরুরি কাজ।সংশ্লিষ্ট সিটি করপোরেশনের নেতৃত্বাধীন তৃতীয় দলের কাজ হবে শহর-নগরের জরুরি সেবা ব্যবস্থাগুলো (যোগাযোগ, পরিবহন, বিদ্যুৎ প্রভৃতি) পুনরায় চালু করা এবং প্রকৃত ক্ষয়ক্ষতির সার্বিক খতিয়ান তৈরি করা। চতুর্থ দলের নেতৃত্বে থাকবে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের কাজ হবে হাসপাতালগুলোর প্রস্তুতি পরিকল্পনা করা, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা, শিশু-নারী ও অসুস্থ ব্যক্তিদের সেবার ব্যবস্থা করা ও মহামারি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া। পঞ্চম দলের নেতৃত্বে থাকবে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। এই দলের দায়িত্ব হবে দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রয়োজনীয়তা জরিপ করে খাদ্য ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা।নিরাপত্তা ও কল্যাণমূলক দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশের নেতৃত্বাধীন ষষ্ঠ দল। মানুষের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষা করা ছাড়াও এই দলের কাজ হবে মৃত ও নিখোঁজ ব্যক্তিদের ব্যবস্থাপনা, তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া ও দেওয়া, দুর্যোগে স্থানচ্যুত মানুষ চিহ্নিত করা এবং তাদের স্বস্থানে পৌঁছানোর ব্যবস্থা করা ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা।সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বাধীন সপ্তম দলের কাজ হবে আশ্রয়হীন মানুষ চিহ্নিত করে তাদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা, অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন ও এর ব্যবস্থাপনা, আশ্রয়কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংরক্ষণ। অষ্টম দলের নেতৃত্ব দেবে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো। এই দলের কাজ হবে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনা। নবম দলের কাজ হবে সড়ক, রেল, বিমান ও সমুদ্রপথে পরিবহনব্যবস্থা চালু করা ও নির্ঝঞ্ঝাট রাখা। এই দলের দায়িত্বে থাকবে বিআরটিএ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও রেলওয়ে। প্রতিটি দলের সঙ্গে সহায়ক হিসেবে থাকবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনার সঙ্গে সরকারি-বেসরকারি প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার কথাও পরিকল্পনায় আছে। এর মধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি, তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি, ওয়াসা, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের কার্যালয়, আঞ্জুমানে মুফিদুল ইসলাম, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স, এফবিসিসিআই, বিজিএমইএ, রিহ্যাব, মোবাইল ফোন কোম্পানি, গণমাধ্যম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের নাম তালিকার ওপরের দিকে আছে। সামর্থ্য বৃদ্ধি কার্যক্রমনয়টি দলের সামর্থ্য বৃদ্ধির জন্য কিছু কার্যক্রম গ্রহণ করেছে সরকার। যেমন—অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সামর্থ্য বাড়াতে সশস্ত্র বাহিনী বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের জন্য ৭০ কোটি টাকার ভারী যন্ত্রপাতি কিনছে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তাদের জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে প্রধান করে গঠিত জাতীয় ভূমিকম্প প্রস্তুতি কমিটির সুপারিশ অনুযায়ী সরকার আরও প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতি কিনবে। সিডিএমপির উদ্যোগে শহরাঞ্চলে স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে ভূমিকম্পের দুর্যোগ প্রস্তুতিমূলক বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথাও শোনা যাচ্ছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা পাঠ্যসূচি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিডিএমপির জাতীয় বিশেষজ্ঞ এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রস্তুতিমূলক আরও কিছু কার্যক্রম গ্রহণের বিষয় বিবেচনাধীন রয়েছে।