দুর্যোগকালীন নিরাপত্তার বাইরে গলাচিপার আড়াই লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকির মধ্যে রয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আড়াই লাখ মানুষ। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের পর গলাচিপা উপজেলায় মাত্র ৮৫টি সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ শুরু হয়েছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তবে এখন পর্যন্ত এসব সাইক্লোন শেল্টারের নির্মাণকাজ শেষ হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ৮৫টি সাইক্লোন শেল্টারের মধ্যে মাত্র ১৫টির নির্মাণকাজ শেষ হয়েছে। বাকিগুলোর নির্মাণকাজ শেষ হতে আরও প্রায় দুই বছর লেগে যাবে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেওয়া তথ্যে জানা গেছে, উপজেলার জনসংখ্যা প্রায় চার লাখ। উপজেলায় বর্তমানে যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি-বেসরকারি পাকা স্থাপনা রয়েছে, তাতে দুর্যোগের সময় সর্বোচ্চ এক লাখ মানুষ আশ্রয় নিতে পারে। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বর্তমানে যে ৮৫টি সাইক্লোন শেল্টার নির্মাণ করছে, সেগুলো নির্মিত হলে আরও ৫০ হাজার মানুষের আশ্রয়ের ব্যবস্থা হবে। এর পরও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় বাকি আড়াই লাখ মানুষ নিরাপত্তার বাইরেই থেকে যাবে।গলাচিপা উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, ‘১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের পর গলাচিপা উপজেলায় ৩৩টি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়। এগুলো অনেক আগেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কয়েক বছর আগে এগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। দেড় বছর আগে প্রাথমিক শিক্ষা দপ্তর ২০টি সাইক্লোন শেল্টার নিলামের মাধ্যমে ভেঙে ফেলে। অবশিষ্ট ১৩টি জরাজীর্ণ সাইক্লোন শেল্টারে এখনো প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে।’খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবহারের অযোগ্য ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, গলাচিপায় ৮৫টি সাইক্লোন শেল্টারের মধ্যে ১৫টির নির্মাণকাজ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে ২০০৭ সালের সিডরের পর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ সহায়তায় ১৯টি সাইক্লোন শেল্টারের নির্মাণকাজ শুরু হয়। প্রতিটি শেল্টারের নির্মাণে এক থেকে দেড় কোটি টাকা ব্যয় হচ্ছে। এর সবগুলো বড় আকারের। নির্মাণ শেষে এর একেকটি শেল্টারে ৮০০ মানুষ আশ্রয় নিতে পারবে। দ্বিতীয় পর্যায়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় মাঝারি আকারের আরও ৩১টি সাইক্লোন শেল্টার-কাম প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শুরু হয়। এর প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। এসব সাইক্লোন শেল্টারের প্রতিটিতে ৫০০ করে মানুষ আশ্রয় নিতে পারবে। মাঝারি আকারের শেল্টারগুলোর একটির কাজও এখন পর্যন্ত শেষ হয়নি। তৃতীয় পর্যায়ে সরকারের নিজস্ব অর্থায়নে চলছে ছোট আকারের আরও ৩৫টি সাইক্লোন শেল্টার-কাম প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ। এর মধ্যে ২৫টি সাইক্লোন শেল্টারের প্রতিটির নির্মাণব্যয় ৪৫ লাখ টাকা এবং বাকি ১০টির প্রতিটি নির্মাণে ব্যয় হবে ২৭ লাখ টাকা। এগুলোতে ৩০০ করে মানুষ আশ্রয় নিতে পারবে। সর্বশেষ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ সহায়তায় আরও ১০টি সাইক্লোন শেল্টার বরাদ্দ পাওয়া গেলেও এখন পর্যন্ত নির্মাণকাজ শুরু হয়নি। এর প্রতিটি সাইক্লোন শেল্টার নির্মাণে ব্যয় হবে ৩৬ লাখ টাকা। গলাচিপা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে গলাচিপায় আরও চারটি সাইক্লোন শেল্টার নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা ডেপুটি টিমলিডার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল বারেক বলেন, ‘গলাচিপায় এখনো কমপক্ষে ৩০০ সাইক্লোন শেল্টার নির্মাণ করা প্রয়োজন। তা না হলে বিপুলসংখ্যক মানুষকে দুর্যোগের ঝুঁকি নিয়েই জীবন কাটাতে হবে।’উপজেলা প্রকৌশলী জি এম শাহাবুদ্দিন বলেন, ‘আড়াই লাখ মানুষের দুর্যোগকালীন আশ্রয়ের জন্য এই মুহূর্তে গলাচিপা উপজেলায় অন্তত ২০০ সাইক্লোন শেল্টার নির্মাণ করা প্রয়োজন। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে আরও ১০০ সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে পর্যায়ক্রমে সেগুলো নির্মিত হবে।’