দুর্যোগঝুঁকির তালিকায় বাংলাদেশ পঞ্চম
পরিবেশগত বিপর্যয়ের কারণে ঝড়, বন্যা, খরা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের হার দিন দিন বাড়ছে। একই কারণে কমছে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। আর এই দুইয়ে মিলে বাড়ছে দুর্যোগে ক্ষয়ক্ষতির ঝুঁকি। এ রকম ঝুঁকির দিক থেকে বিশ্বের ১৭৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত বৃহস্পতিবার দুর্যোগে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এটি তৈরি করেছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি, অ্যালায়েন্স ডেভেলপমেন্ট ওয়ার্কস ও দ্য নেচার কনজারভেন্সি। তালিকা অনুযায়ী, ১৭৩টি দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্যোগঝুঁকিতে আছে প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াতু। সেখানে দুর্যোগের ঝুঁকি ৩৬ দশমিক ৩১ শতাংশ। এরপর ২, ৩, ও ৪ নম্বরে আছে যথাক্রমে টোঙ্গা, ফিলিপাইন ও গুয়েতেমালা। আর সবচেয়ে কম ঝুঁকিতে আছে কাতার। এই দেশের ঝুঁকি মাত্র শূন্য দশমিক ১০ শতাংশ। এর আগে আছে মাল্টা; ঝুঁকি শূন্য দশমিক ৬১ শতাংশ।ঝুঁকির মাত্রা হিসাব-নিকাশের ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। প্রথমত, কোনো দেশে ঝড়-বন্যা-খরা-ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা কত এবং এসব দুর্যোগে ওই দেশে কতটা ক্ষতি হতে পারে। দ্বিতীয় বিষয়টির মধ্যে আছে, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা, অবকাঠামোগত অবস্থান, চিকিত্সাসেবা, পুষ্টিগত অবস্থা, শাসন ও শিক্ষাব্যবস্থা, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কাটাতে বিমার সুযোগ ও পরিবেশগত অবস্থা।প্রতিবেদনের তথ্যমতে, ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছরে বিশ্বের বিভিন্ন দেশ চার হাজার ১৩০টি দুর্যোগের মধ্যে পড়েছে। এসব দুর্যোগে প্রাণ হারিয়েছে ১০ লাখের বেশি মানুষ। আর আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১ দশমিক ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার।জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটির পরিচালক জ্যাকব রেইনার বলেন, তালিকা অনুযায়ী ওশেনিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশেষ করে মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কিছু দেশে দুর্যোগের ঝুঁকি বেশি। দুর্যোগের আশঙ্কা ও জলবায়ু পরিবর্তনের ফলে ওই সব দেশ খুবই অরক্ষিত অবস্থায় রয়েছে। ওয়েবসাইট।