দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে রাজধানী
আজ সারা দিন সূর্যের মুখ দেখেনি রাজধানীবাসী। মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দমকা বাতাস—এই ছিল আজকের নগরের আবহাওয়ার চিত্র। আজকের আবহাওয়ায় এ কদিনের অসহ্য গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে ঢাকাবাসী। তবে অবিরাম বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়েছে তাদের স্বাভাবিক চলাচল। নিত্যদিনের অসহনীয় যানজট আরও ভয়ংকর রূপ ধারণ করেছে আজকের বৃষ্টিস্নাত রাজধানীতে। আর নিম্ন আয়ের মানুষগুলোর অবস্থাও ছিল যথারীতি করুণ।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ ঢাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ছয় মিলিমিটার। কাল এর পরিমাণ আরও বাড়তে পারে। সূত্র জানায়, ঢাকায় কাল মাঝারি এবং দেশের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণ বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস আরও জানায়, নিম্নচাপটি দুর্বল না হওয়া পর্যন্ত আরও দুই থেকে তিনদিন অন্যান্য জেলার মতো ঢাকায়ও এমন আবহাওয়া বিরাজ করবে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, খুলনা, পটুয়াখালী প্রভৃতি জেলায় ভারী ও মাঝারি বৃষ্টি হয়েছে।