দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে মাঝেমধ্যেই মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি-মাওয়া রুটে ফেরিসহ নৌ-চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় ঘাট এলাকায়। কাওড়াকান্দি ঘাটে যাত্রীছাউনি না থাকায় কনকনে শীতের মধ্যে নদীর পাড়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার শত শত যানবাহনের যাত্রীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।ঘাট সূত্রে জানা যায়, কাওড়াকান্দি ঘাটে যাত্রীদের বিশ্রামের জন্য কোনো যাত্রীছাউনি বা বিশ্রামাগার নেই। ফলে দুর্যোগের সময় যাত্রীরা শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগে পড়েন।১৮ জানুয়ারি কাওড়াকান্দি ঘাটে সরেজমিনে দেখা গেছে, কুয়াশার কারণে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাইট কোচের প্রায় অর্ধশত বাসের কয়েক হাজার যাত্রী পদ্মা নদীর পাড়ে অপেক্ষা করছেন। বরগুনা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটসহ অনেক এলাকা থেকে এসেছেন তাঁরা। কনকনে শীতের তীব্রতায় বৃদ্ধ, নারী ও শিশুরা অসুস্থপ্রায়।পিরোজপুর থেকে আসা বৃদ্ধ হাশেম মিয়া (৭০) বলেন, ‘নাতির সঙ্গে ঢাকা রওনা হইছিলাম। ডাইরেক্ট বাস না পাইয়া ভাইঙ্গা ভাইঙ্গা রাইতে ঘাট পর্যন্ত আইছি। পরে কুয়াশার জন্য নদী পার হইতে পারি নাই। রাইত থিকা কোনো রকম রাস্তার পাড়ে বইসা আছি বাজান। শীতে আর কতা কইতে পারতাছি না।’কুয়াকাটার রোজি, ঝালকাঠির রহিমা, বাগেরহাটের আবুল কালাম, মোরেলগঞ্জের রাজিয়া আক্তারসহ কয়েকজন জানান, ঘাটে কোনো যাত্রীছাউনি না থাকায় তাঁরা একটানা আট ঘণ্টা বাসের মধ্যে আটকে ছিলেন। রাতে ঘাট এলাকার দোকানপাট সব বন্ধ থাকায় কোথাও একটু আশ্রয় নেওয়ারও উপায় থাকে না। বাসের জানালার ফাঁক দিয়ে বাতাস ঢোকায় তাঁরা শীতে জমে গেছেন। এখানে শৌচাগারেরও ব্যবস্থা নেই।যাত্রীদের সবার দাবি, একটি যাত্রীছাউনি থাকলে হয়তো তাঁদের এত কষ্ট হতো না।দোকানদার কালাম মিয়া বলেন, ‘রাত হলে আমরা দোকান বন্ধ করে রাখি। ছাউনি না থাকায় শীতের মধ্যে যাত্রীদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়।’লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, কাওড়াকান্দি ঘাট দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার জনগণ যাতায়াত করে। এ ঘাটে কোনো যাত্রীছাউনি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীদের এ দুর্ভোগ কমাতে একটি যাত্রীছাউনি খুব দরকার।এ ব্যাপারে বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. কামাল পাশা জানান, কাওড়াকান্দি ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর একটি যাত্রীছাউনি আছে। তবে তা এখন পুলিশের দখলে রয়েছে। ছাউনি না থাকায় যাত্রীদের তো একটু কষ্ট হচ্ছেই। তবে শিগগিরই যাত্রীছাউনি হবে কি না এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।