দুর্যোগে ক্ষতি কমাতে আশ্রয়কেন্দ্রের নকশা
সুনামি, আইলা, ক্যাটরিনা আর নার্গিসের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত আঘাত হানছে বাংলাদেশসহ সারা বিশ্বে। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি ও বেসরকারিভাবে (বিদেশি সহায়তায়) নির্মিত হয়েছে অনেক সাইক্লোন শেল্টার (ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ আশ্রয়কেন্দ্র)। কিন্তু নির্মিত এ শেল্টারগুলোর বেশির ভাগ শুধু মানুষকে রক্ষা করার জন্য, নেই গৃহপালিত পশুপাখি রাখার তেমন কোনো ব্যবস্থা। আর তাই গৃহপালিত পশুদের ফেলে এই শেল্টারগুলোয় মানুষের আশ্রয় নেওয়ার প্রবণতাও কম দেখা যায়। ফলে প্রতিবছর যেমন বৃদ্ধি পাচ্ছে মানুষের মৃত্যুর সংখ্যা, তেমনি বৃদ্ধি পাচ্ছে সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ।এ ছাড়া শেল্টারগুলোতে দুর্যোগের সময় থাকে না বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থাও। আর এ সমস্যা সমাধানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নকশা (ডিজাইন) করেছেন নতুন মডেলের একটি সাইক্লোন শেল্টার। শেষ বর্ষের প্রকল্প হিসেবে শিক্ষার্থীরা এই মডেলটি নিয়ে কাজ করেন। শিক্ষার্থী দুজন হলেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মো. শাহাদৎ হোসেন ও আবুবকর সিদ্দিক। শাহাদৎ হোসেন জানান, একটি স্বাভাবিক সাইক্লোন শেল্টারের সমান জায়গায়ই এ নতুন মডেলের সাইক্লোন শেল্টার ডিজাইন করা হয়েছে।নতুন মডেলের সাইক্লোন শেল্টারটি তৈরিতে বর্তমান সাইক্লোন শেল্টারগুলোর চেয়ে প্রায় দ্বিগুণ খরচ হবে। কিন্তু এই সাইক্লোন শেল্টারটিতে বর্তমানগুলোর সীমাবদ্ধতা দূর করে অধিক সুবিধা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। রাখা হয়েছে ঘূর্ণিঝড় ও বিদ্যালয়ের ক্লাস-পরবর্তী সময়ে সভা-সমাবেশসহ বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করার সুবিধা।আবুবকর সিদ্দিক জানান, ভবনের নিরাপত্তার দিকে লক্ষ রেখে বাতাসের চাপ ও পানির তরঙ্গের চাপ থেকে রক্ষার জন্য ভবনের বাহ্যিক আকৃতি এবং কলামগুলো গোলাকার দেওয়া হয়েছে।মডেলটি প্রণয়ন ও ডিজাইনে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক কানুকুমার দাশ। তিনি বলেন, ‘সাধারণ সাইক্লোন শেল্টারগুলোর নিচতলায় (গ্রাউন্ড ফ্লোর) পানি প্রবেশ করায় ওই জায়গা কোনো কাজে আসে না। কিন্তু নতুন মডেলের এ সেন্টারের চারদিকে ৬ মিটার (২০ ফুট) উচ্চতার প্রতিরোধ দেয়াল থাকায় পানি প্রবেশ করতে পারবে না এবং বাতাসের বেগও কোনো আঘাত হানতে পারবে না। ফলে ওই ফাঁকা জায়গায় গবাদিপশু রাখা যাবে।’প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং স্থাপত্য বিভাগের প্রধান মো. রবিউল আলম। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশের জন্য এ নতুন মডেলের সাইক্লোন শেল্টারটি খুবই ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।’ নকশাটি তৈরি করার অনুপ্রেরণার কথা জানতে চাইলে শাহাদৎ হোসেন বলেন, ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায় সিডর নামের এক ভয়ানক ঘূর্ণিঝড়। সরকারি মতে, এই সিডরে মারা যায় তিন হাজার ৩০০ লোক। এ রকম প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমানোর কথা মাথায় রেখেই এ নকশা তৈরির কাজ শুরু করা হয়।আসাদুজ্জামান খান, চুয়েট প্রতিনিধি