দুর্যোগে চট্টগ্রাম বিভাগে নিহত ৯১
গত কয়েক দিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সৃষ্ট দুর্যোগে চট্টগ্রাম বিভাগে আজ বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।এর মধ্যে মন্ত্রণালয়ের অনুরোধে সেনাবাহিনীর একটি দল দুর্যোগপূর্ণ ওই সব এলাকায় উদ্ধারকাজে অংশ নিয়েছে বলে প্রথম আলো ডটকমকে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম কিবরিয়া। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে দুর্গতদের সহায়তায় নগদ এক কোটি টাকা ও এক হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) পরামর্শক মাসুদ কামাল জানান, পাহাড়ধসের কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ দল শিগগিরই রওনা হচ্ছে। তবে বিকেল চারটা পর্যন্ত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বান্দরবানে নিহত ৩১: স্বাস্থ্য বিভাগের পরিদর্শক বাবলু প্রথম আলো ডটকমকে বলেন, জেলার লামা উপজেলায় আজ সকাল পর্যন্ত ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই পাহাড় ধসে নিহত হয়েছেন।পুলিশ জানায়, আরও অনেকে ধসে পড়া পাহাড়ের মাটির নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ৩০ কিলোমিটার দূরে বাইশারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হক বলেন, দক্ষিণ বাইশরি গ্রামে গতকাল রাতে পাহাড়ি ঢলে এক পরিবারের ছয়জনসহ আটজনের মৃত্যু হয়েছে। এই পরিবারের নিহতরা হলেন রুহুল আমিন (৪২), তাঁর স্ত্রী সালেহা বেগম (৩২), ছেলে শফিউল আলম (৭) ও মোরশেদুল ইসলাম (৩), মেয়ে পারভীন আক্তার (৫), শ্বাশুড়ি হাসিনা বেগম (৭০)। আজ সকালে পুলিশ ও প্রশাসনের লোকজন লাশগুলো উদ্ধার করে।নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, সদর ইউনিয়নের বাগানগোনা এলাকায় পাহাড় ধসের ঘটনায় দুজন মারা গেছেন। তাঁদের মধ্যে একজন কক্সবাজার সদর উপজেলার পিএমখালি গ্রামের সোলায়মান (৩০) এবং অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তোফায়েল আহমেদ আরও বলেন, পাহাড়ি ঢলে উপজেলার ৫০০ ঘরবাড়ি বিলীন হয়ে গেছে এবং তিন থেকে পাঁচ হাজার বাড়ি পানিতে তলিয়ে গেছে। এলাকার দুই তলা স্কুল-কলেজগুলো দুর্গতদের জন্য খুলে দেওয়া হয়েছে। সেখানে এখন পর্যন্ত প্রায় ২০০ পরিবার আশ্রয় নিয়েছে।উখিয়ায় নিহত ১০: উখিয়ায় হলদিয়াপালং ও রত্নাপালং ইউনিয়নে গতকাল মঙ্গলবার রাতে পৃথক পাহাড় ধসে বসতঘরের মাটির নিচে চাপা পড়ে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সদস্যরা তাঁদের লাশ উদ্ধার করেছেন।উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামালউদ্দিন মিন্টু প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত একটার দিকে ইউনিয়নের পাতাবাড়ি বরইতলী গ্রামে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের চারজনসহ মোট সাতজনের মৃত্যু হয়।রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবীর চৌধুরী বলেন, রাত দেড়টার দিকে ইউনিয়নের ভালুকিয়া বিজিবি-ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড় ধসে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সকাল আটটার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী ও দুই ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফনের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।রামুতে নিহত ৫: কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারকুপ ইউনিয়নে গতকাল মঙ্গলবার রাতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ সকাল সাতটার দিকে রামু উপজেলা প্রশাসন ও পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।চট্টগ্রাম নগর ও আশপাশে নিহত ২০: চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, হাটহাজারীতে দেয়াল চাপায় দুজন, বাঁশখালীতে পাহাড় ধসে তিনজন, নগরের আকবর শাহ মাজার এলাকায় পাহাড় ধসে তিনজন, বিশ্বকলোনিতে পাহাড় ধসে পাঁচজন, উত্তর পাহাড়তলীতে পাহাড় ধসে দুজন এবং আমবাগানে দেয়াল চাপায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়।সরে যাচ্ছে পানি: পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, গতকাল রাত সাতটার পর থেকে চট্টগ্রাম শহরে আর বৃষ্টি হচ্ছে না। অনেক এলাকায় থেকে পানি সরে গেছে। তবে নিচু এলাকায় পানি রয়েছে। ৩ নম্বর সতর্কতা: আবহাওয়া অফিস চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক-সংকেত দেখিয়ে যেতে বলেছে। সীতাকুণ্ডে নিহত ২: সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুরে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে বলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল হাসান জানিয়েছেন।গত বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে চট্টগ্রাম শহরের দুই-তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে যায়। গতকাল বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। সর্বশেষ গত রাতে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগও বন্ধ হয়ে যায়। (প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার, বান্দরবান প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি ও রামু (কক্সবাজার) প্রতিনিধি )