দুর্লভ ছত্রাক ‘ইন্ডিয়ান ভায়াগ্রা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হিমালয় অঞ্চলে দুর্লভ এক ছত্রাক নিয়ে চলছে কাড়াকাড়ি। একধরনের শুঁয়োপোকা থেকে আহরণ করা এই ছত্রাক চীন ও নেপালে শক্তিবর্ধক ওষুধ হিসেবে ব্যবহূত হচ্ছে। এতে ছত্রাকটির আর্থিক মূল্য বেড়ে যাওয়ায় তা নিয়ে ওই অঞ্চলের মানুষের মধ্যে হুলস্থুল পড়ে গেছে। শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও এটি শক্তিবর্ধক হিসেবে কাজ করে বলে এরই মধ্যে এটি ‘ইন্ডিয়ান ভায়াগ্রা’ বলে নাম কিনেছে।ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ের পাদদেশে একধরনের ছত্রাকে আক্রান্ত হয় শুঁয়োপোকা। এতে শুঁয়োপোকাগুলো মরে মমিতে পরিণত হয়। এ সময় এসব ছত্রাক শুঁয়োপোকার মাথায় ছড়িয়ে পড়ে। শীত মৌসুমে এসব শুঁয়োপোকা বরফে ঢাকা থাকে। মে-জুনে যখন বরফ গলে যায়, সে সময় ছত্রাকে আক্রান্ত এসব মৃত শুঁয়োপোকা আহরণে হুড়োহুড়ি বেধে যায়।বেশ কয়েক বছর ধরে ভারতের হিমালয়-সংলগ্ন এলাকার অধিবাসীরা এই ছত্রাক স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন দেদার। তাঁরা জানান, স্থানীয় সেই মধ্যস্বত্বভোগীরা এসব ছত্রাক তাঁদের কাছ থেকে কিনে তা বিক্রি করছেন ভারতের বড় বড় শহরে। তা আবার হাতবদল হয়ে চলে যাচ্ছে নেপাল ও চীনে। স্থানীয়ভাবে এই ছত্রাককে বলা হয় ‘কিরা-জারি’। সংলগ্ন তিব্বতে এর নাম ‘ইয়ারাসাগুম্বা’। প্রতিটি শুঁয়োপোকা থেকে পাওয়া ছত্রাক স্থানীয় বাজারে বিক্রি হয় ১৫০ রুপি করে। এই অর্থ ওই অঞ্চলের একজন দিনমজুরের এক দিনের আয়ের চেয়ে বেশি। একজন সংগ্রাহক দিনে ৪০ থেকে ৫০টি করে শুঁয়োপোকা থেকে এই ছত্রাক সংগ্রহ করে থাকেন। এভাবে একজনের রোজকার আয় গিয়ে দাঁড়ায় সাড়ে সাত হাজার রুপি। মাস শেষে এই আয় আরও বড় অঙ্কে গিয়ে পৌঁছায়।এই ছত্রাক মানুষের অর্থনৈতিক অবস্থা কীভাবে পাল্টে দিচ্ছে, এর উজ্জ্বল উদাহরণ প্রেম চাঁদ নামের এক ব্যক্তি। ২৪ বছর বয়সী এই যুবক একবার এই ছত্রাকের সন্ধানে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে গিয়ে ছয় দিন পর ফিরে আসেন প্রায় ২০০ শুঁয়োপোকার ছত্রাক নিয়ে। স্থানীয় বাজারে তা বিক্রি করে তাঁর অর্থভাগ্য ফেরা শুরু হয়। ছত্রাক বিক্রি করে প্রেম চাঁদ এখন একটি দোতলা বাড়ির মালিক। এমন এক সময় ছিল, যখন এই অঞ্চলের যুবকেরা জীবিকার জন্য দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় বড় শহরে চলে যেতেন। সেনাবাহিনী বা অন্য কোথাও থিতু হয়ে দু-পয়সা রোজগারের চেষ্টা চালাতেন। এখন শুঁয়োপোকার ছত্রাক তাঁদের জীবিকার পথ খুলে দিয়েছে।তবে এই ছত্রাকের কারণে ওই এলাকায় বিভিন্ন সমস্যাও দেখা দিয়েছে। প্রথম কথা হচ্ছে, এটি আইনসম্মত কোনো ব্যবসা নয়। এই ছত্রাক সংগ্রহ করতে গিয়ে ওই অঞ্চলের অনেক গ্রামবাসীর মধ্যে তৈরি হয়েছে রেষারেষি। এখন গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অস্ত্রও নাড়াচাড়া শুরু করেছে। অতিরিক্ত অর্থের লোভ শান্তি বিঘ্নিত করেছে শান্ত নিবিড় গ্রামগুলোতে। প্রকৃতির দান এখন যেন শ্বাসরুদ্ধকর জুয়ায় পরিণত হয়েছে হিমালয়ের ওই পাদদেশে ! বিবিসি অবলম্বনে।