দুর্লভ যত মুদ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিময় প্রথা মানবসভ্যতার ইতিহাসে অনেক পুরোনো। প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ এক পণ্যের সঙ্গে আরেক পণ্য বিনিময় করে আসছে। বিনিময়ব্যবস্থার বিভিন্ন অসুবিধা দূর করার জন্য মুদ্রার প্রচলন ঘটে। মুদ্রা হিসেবে ধাতুর ব্যবহার শুরু করে বর্তমান তুরস্কে অবস্থিত আনাতোলীয় সভ্যতার লাইডিয়ার জনগণ আনুমানিক খ্রিষ্টপূর্ব পাঁচ হাজার অব্দে। অন্যদিকে বিনিময়মাধ্যম হিসেবে কাগজের বিলের ব্যবহার শুরু করে চীনারা, আনুমানিক খ্রিষ্টপূর্ব সপ্তম অব্দে। মুদ্রাসংক্রান্ত বিদ্যাকে বলা হয় ‘নিউমিসম্যাটিক’। মুদ্রা, পদক, প্রতীকী উপহার, হুন্ডি এমনকি অর্থবিষয়ক প্রাচীন দলিলের সংরক্ষণ ও গবেষণা এই বিদ্যার অন্তর্ভুক্ত। বর্তমানে মুদ্রা সংরক্ষণ, মুদ্রার ছবি তোলা, তালিকা তৈরি করাও নিউমিসম্যাটিকসের আওতায় পড়ে।মুদ্রার ব্যবহারে সচেতনতা এবং ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে মুদ্রার গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি গতকাল বৃহস্পতিবার থেকে জিপিওর প্রদর্শনীকক্ষে তিন দিনব্যাপী এক মুদ্রা প্রদর্শনীর আয়োজন করেছে। এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন। প্রদর্শনীতে ২৪ জন মুদ্রা সংগ্রাহকের সংগ্রহ করা বিভিন্ন সময়ের ও দেশের ধাতব মুদ্রা ও কাগুজে নোট রয়েছে। মুদ্রার মধ্যে আছে প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা, হরিকেল জনপদের মুদ্রা, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মুদ্রা, ব্রিটিশ আমলের সোনা, রুপা ও তামার মুদ্রা, দিল্লির সুলতানি ও মোগল আমলের মুদ্রা, বাংলার সুলতানি আমলের মুদ্রা। এ ছাড়া বিভিন্ন সময়ে ছাপা ভুল ব্যাংক নোট, বর্তমানে অস্তিত্ব নেই এমন সব দেশের মুদ্রা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্মারক মুদ্রা উল্লেখযোগ্য। প্রদর্শনীটি আগামী শনিবার পর্যন্ত চলবে।মানুষের শখের মধ্যে প্রাচীনতম একটি হচ্ছে মুদ্রা সংগ্রহ। এর ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরোনো। রোমান সম্রাট জুলিয়াস সিজারকে প্রথম মুদ্রা সংগ্রাহক হিসেবে ধরা হয়। মুদ্রা সংগ্রহের নিয়মিত ধারাটি শুরু হয় রেনেসাঁ যুগে। চতুর্দশ শতকের ইতালিয়ান কবি পেত্রার্কের সংগ্রহে ছিল নানা রকমের মুদ্রা। রেনেসাঁকালে ধনী ও উচ্চশ্রেণীর লোকজন মুদ্রা সংগ্রহ করত বলে একে রাজার শখ হিসেবেও অভিহিত করা হয়। ব্রিটিশ মিউজিয়াম থেকে ১৮৭৩ সাল থেকে বিভিন্ন সময়ে পাওয়া মুদ্রার তালিকা বের হতে থাকে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছে পুরোনো মুদ্রা কেনাবেচার বিশাল বাজার। নিলামে অনেক টাকায় পুরোনো মুদ্রা বেচাকেনা হয়। যে মুদ্রা যত পুরোনো ও ঐতিহাসিক ঘটনাবহুল সময়ের, তার দাম তত বেশি। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় টাঁকশাল রয়েছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়। এই টাঁকশালে প্রতিবছর এক হাজার ২০০ কোটি টাকার ধাতব মুদ্রা তৈরি হয়।পাকিস্তানি মুদ্রার পরিবর্তে বাংলাদেশের মুদ্রা হিসেবে টাকার প্রচলন শুরু হয় ৪ মার্চ ১৯৭২ সালে। বাংলাদেশ সরকারকে প্রতিবছর প্রচুর টাকা খরচ করে মুদ্রা তৈরি করতে হয়। বর্তমানে প্রচলিত দুই টাকার নোট তৈরি করতে ১০ টাকা ও ১০ টাকার একটি নোট তৈরি করতে খরচ হয় ২৪ টাকা। সাধারণত সরকারের লক্ষ্য থাকে, একটি কাগজের নোট বাজারে যেন পাঁচ বছর টিকে থাকে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, তিন বছর পার হলেই অধিকাংশ নোট ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এর অনেক কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংক কর্তৃপক্ষের ছিদ্র করে টাকার বান্ডিল তৈরি করা।মুদ্রা সংগ্রহ শখ হলেও এর গুরুত্ব অনেক। ইতিহাস সংরক্ষণের পাশাপাশি এর মাধ্যমে ইতিহাসের হারিয়ে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করা যায়। সারা বিশ্বে গবেষক ও ইতিহাসবিদদের কাছে পুরোনো মুদ্রার গুরুত্ব অনেক।