দুলাভাই অপহরণ করে খুন করল শিশু মাহফুজকে
‘বেড়ানোর কথা বলে গত সোমবার দুপুরে মোহনপুরের স্কুলছাত্র মাহফুজুর রহমানকে রাজশাহী শহরে আনি। তাকে সিনেমা দেখাই। এরই ফাঁকে মুঠোফোনে মাহফুজুরের বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করি। পুলিশ অথবা র্যাবকে জানালে মাহফুজুরকে হত্যা করা হবে বলেও হুমকি দিই। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে বাড়িতে যাওয়ার জন্য মাহফুজুর পীড়াপীড়ি শুরু করে। কিন্তু সে সবকিছু প্রকাশ করে দিতে পারে—এই ভেবে বাড়িতে নেওয়ার পথে রাতে ভুট্টাখেতে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করি।’র্যাবের প্রাথমিক জিজ্ঞাবাদে মাহফুজুরের খালাতো বোনের স্বামী মুকুল হোসেন তাকে অপহরণের পর এভাবে হত্যা করেন বলে জানান। মুকুল জানান, লাশ পচে গন্ধ বের হলে মানুষ বুঝতে পারবে ভেবে মঙ্গলবার দুপুরে গর্ত করে তা পুঁতেও রাখা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহফুজুরের আপন বোনের স্বামী সাহেব আলীকেও গ্রেপ্তার করা হয়েছে।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার পুলিশ মাহফুজুর হত্যা মামলায় মুকুল ও সাহেবকে রাজশাহী বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক মমিনুন নেসা সাহেবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন, আর মুকুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গত সোমবার উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান অপহূত হয়। এ ঘটনায় তার বাবা সেনাসদস্য আবদুর রউফ মোহনপুর থানায় মামলা করেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অপারেশন কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, অভিযোগ পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেড়াবাড়ী গ্রামের মুকুল হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। মুকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব রাজশাহী মহানগরীর উপশহর এলাকা থেকে বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাহেব আলীকে (২৬) গ্রেপ্তার করে। গতকাল কৃষ্ণপুর গ্রামে গিয়ে দেখা গেছে, সন্তানের শোকে মা-বাবা বিলাপ করছেন। স্কুলছাত্রের লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখার জন্য সকাল থেকে হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় জমায়। বিকেল পাঁচটার দিকে ময়নাতদন্ত শেষে লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মাহফুজুর মা-বাবার একমাত্র ছেলে। তার দুই বোন রয়েছে।পরিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে তারা ১০ লাখ টাকার পান বিক্রি করেছে। এই টাকার জন্যই মাহফুজুরকে অপহরণ করা হতে পারে।মানববন্ধন: মাহফুজুরকে হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে মহানগরের আলুপট্টি এলাকায় মানববন্ধন করেছে শিশু সংগঠন শিশুপ্রকাশ।