দুলুকে নাটোর কারাগারে রাখার নির্দেশ
হত্যা মামলায় কারাগারে আটক বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাটোর কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতকে না জানিয়ে তাঁকে নাটোর থেকে দিনাজপুর কারাগারে পাঠানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেন।নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালত সূত্রে জানা যায়, যুবলীগের নেতা পলাশ কর্মকার হত্যার ঘটনায় করা মামলায় দুলুকে গতকাল দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর আইনজীবী অভিযোগ করেন, আদালতের নির্দেশ না নিয়ে নাটোর কারা কর্তৃপক্ষ দুলুকে ১৭ জানুয়ারি দিনাজপুর কারাগারে স্থানান্তর করেছেন। দীর্ঘপথ পাড়ি দিয়ে হাজিরা দিতে আসায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত নাটোর কারাগারের তত্ত্বাবধায়ককে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলেন। কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক আদালতে হাজির হয়ে অভিযোগ স্বীকার করেন এবং দিকনির্দেশনা চান। আদালত এ ব্যাপারে পরে আদেশ দেওয়ার কথা জানান। পরে রাত সাড়ে আটটার দিকে আদালত কারা কর্তৃপক্ষকে আদালতের বিনা অনুমতিতে দুলুকে অন্যত্র স্থানান্তর না করার নির্দেশ দেন।এ ব্যাপারে নাটোরের কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক আজ বুধবার প্রথম আলো ডটকমকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাটোরেই রাখা হয়েছে। তাঁর চিকিত্সারও ব্যবস্থা করা হয়েছে।গত ৮ ডিসেম্বর রাতে দুলুর নাটোরের বাসার সামনে গোলাগুলির ঘটনায় যুবলীগ নেতা পলাশ চন্দ্র কর্মকার নিহত হন। ওই ঘটনায় দুলুকে প্রধান আসামি করে মামলা করা হয়। এ মামলায় ওই দিনই তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। ১৭ জানুয়ারি রাতে কারা কর্তৃপক্ষ তাঁকে দিনাজপুর কারাগারে স্থানান্তর করেছিল।