দুষ্টচক্রের কবলে মহাসড়কের গাছ!
জয়পুরহাটের কালাই উপজেলার হাতিয়র বহুমুখী ফাজিল মাদ্রাসার ইসলামি ইতিহাস বিভাগের প্রভাষক আবুল কালাম সম্প্রতি মোটরসাইকেলে যাচ্ছিলেন উপজেলার পুনট এলাকায় নিজবাড়িতে। জয়পুরহাট-ঢাকা মহাসড়কের শিমুলতলী এলাকায় পৌঁছামাত্র রাস্তার পাশের একটি মেহগনি গাছের মোটা ডাল তাঁর ওপর ভেঙে পড়ে। চাপা পড়েন শিক্ষক আবুল কালাম। তাঁকে উদ্ধারে ছুটে আসা লোকজন আবিষ্কার করেন, ডালটি এমনি এমনি ভেঙে পড়েনি। চোরেরা রাস্তার পাশে লাগানো বন বিভাগের গাছে উঠে ডাল কেটে নিচ্ছে। আর মহাসড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে কাটা ডাল ফেলছে। এ রকমই একটি ডাল পড়েছে আবুল কালামের ওপর। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে প্রায় এক মাস চিকিৎসা নিয়ে সুস্থ হন ওই প্রভাষক। জয়পুরহাট-ঢাকা মহাসড়কের কালাই সামাজিক বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এলাকায় দিনদুপুরে এভাবে গাছ ও গাছের ডাল চুরি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কালাই বন সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মহাসড়কটির শুধু জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন ২০ কিলোমিটার অংশের দুপাশে ১৯৮২ সালে সামাজিক বনায়নের আওতায় বন বিভাগ বনজ গাছ রোপণ করে। ২৮ বছর আগে লাগানো এসব গাছের মধ্যে শিশু প্রজাতির অধিকাংশ গাছ শিকড় পচা (রুটর্যাট) রোগে আক্রান্ত হওয়ায় ঝড়-বৃষ্টি কিংবা সামান্য দমকা হাওয়ায় প্রায়ই মহাসড়কের ওপর উপড়ে পড়ে। এ সময় গাছচাপা পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকারও হচ্ছে পথচারীরা। এসব ঝুঁকিপূর্ণ মরাগাছের সঙ্গে নতুন করে যোগ হয়েছে গাছ চোরদের দাপট। চোরেরা রাতের আঁধারে তো বটেই, দিনদুপুরেও এসব গাছ এবং গাছের ডাল কেটে নিচ্ছে। কাটা এসব ডাল বা গাছ আচমকা আছড়ে পড়ছে মহাসড়কের ওপর। চাপা পড়ছে পথচারী। ফলে এ অবস্থায় মহাসড়কটিতে চলাচল এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কালাই পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী তানভিরুল ইসলাম অভিযোগ করেন, ‘কয়েক দিন আগে এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে চড়ে পুনট থেকে কালাই ফিরছিলাম। ঠুশিগাড়া নামক স্থানে আসামাত্র একটি গাছের ডাল আমাদের ওপর আচমকা আছড়ে পড়ে। ডাল চাপা পড়ে দুজনই মারাত্মক আহত হই। ওপরের দিকে তাকিয়ে দেখি, এক চোর কুঠার দিয়ে দিনদুপুরে ডাল কাটছে।’ কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা বলেন, ‘এ সড়কের পাঁচশিরা এলাকায় মরা গাছের নিচে চাপা পড়ে গত বছর দুজন কলেজছাত্রী মারা যায়। পঙ্গুত্ব বরণ করেন একজন বিশ্ববিদ্যালয় ছাত্র। কিন্তু তার পরও সংশ্লিষ্টদের হুশ হয় না’। উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বলেন, ‘বর্তমান বন নীতি অনুযায়ী সামাজিক বনায়নের গাছ ১০ বছর পূর্ণ হলেই কাটতে হবে। কিন্তু এ মহাসড়কের গাছগুলোর বয়স ২৮ বছর হলেও তা বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে না। আর এ সুযোগে মূল্যবান এসব সরকারি সম্পদ লোপাট হচ্ছে।’জয়পুরহাট-বগুড়া রুটের বাসচালক খোকন মিয়া বলেন, ‘বগুড়া থেকে বাস চালিয়ে কালাই উপজেলার সীমানায় পৌঁছামাত্র ভয়ে বুকটা দুরু দুরু করে। কারণ, একদিকে মরা গাছ, অন্যদিকে গাছচোরদের দাপট। প্রায়ই গাছ বা গাছের ডাল আচমকা বাসের সামনে বা ওপরে আচড়ে পড়ে। এতে আমার গাড়ি এখনো বড় ধরনের দুর্ঘটনার শিকার না হলেও যেকোনো সময়ই তা হতে পারে।’বাসমালিক ফজলুর রহমান তালুকদার বলেন, ‘জয়পুরহাট সীমানায় মহাসড়কের দুপাশের গাছগুলো প্রায়ই উপড়ে পড়ছে। কখনো কখনো চোরেরা গাছ বা ডাল কেটে মহাসড়কের ওপর ফেলছে। আচমকা চলন্ত বাসের ওপর বা সামনেই এসব গাছ আছড়ে পড়ায় পরিবহন মালিকদের আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে।’উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘কিছু দিন আগে মরা গাছ চাপা পড়ে দুই কলেজছাত্রী মারা যাওয়ায় ওই গাছগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নিতে উপজেলা পরিষদ থেকে বন বিভাগকে বলা হয়েছিল। কিন্তু এখন মরা গাছ ছাড়াও এক শ্রেণীর লোক নির্বিচারে এসব গাছ ও গাছের ডাল লোপাট করছে। এ কাজে বন বিভাগের লোকজন ছাড়াও রাতে দায়িত্বে থাকা টহল পুলিশও জড়িত বলে লোকজন প্রায়ই অভিযোগ করে।কালাই বন সম্প্রসারণ কেন্দ্রের রেঞ্জার ফিরোজ বিন ইসলাম গাছ ও ডাল চুরির সঙ্গে বন বিভাগের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, ‘মহাসড়কের পাশে লাগানো এসব গাছের মালিকানা নিয়ে সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা পরিষদের মধ্যে বন বিভাগের ঝামেলা হওয়ায় দরপত্র-প্রক্রিয়া আটকে আছে। মহাসড়কের গাছ ও গাছের ডাল কেটে নেওয়ার অভিযোগ অনেক আগেই পেয়েছি। দিনদুপুরে গাছের ডাল বা গাছ চুরি ঠেকাতে বন বিভাগের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’জয়পুরহাট-ঢাকা মহাসড়কের দুপাশে ২৮ বছর আগে বন বিভাগের লাগানো এসব গাছের এ পর্যন্ত কতটি চুরি গেছে তার সঠিক হিসাব নেই খোদ বন বিভাগেই। কালাই সামাজিক বন সম্প্রসারণকেন্দ্রের ফরেস্ট্রার শহীদুল ইসলাম ২১ অক্টোবর বলেন, ‘এ পর্যন্ত কত গাছ চুরি গেছে, সেটা বলা মুশকিল। তবে গাছ চুরি অনেকটা কমে এসেছে। এখন গাছের ডাল চুরি বেড়েছে। ডাল চুরি পুরোপুরি বন্ধ করাটা বন বিভাগের জন্য কঠিন কাজ। কারণ গাছ চুরি রোধ করতে গিয়েই অনেক সময় রাজনৈতিক চাপ আসে। ডাল চুরি ঠেকাতে গেলে তো নেতা আর জনপ্রতিনিধিদের রোষানলে পড়তে হবে।’ চুরির ঘটনা কমেছে, বন কর্মকর্তার এমন মন্তব্যের সময়ই কালাই সামাজিক বন কেন্দ্রে খবর আসে মহাসড়কের সড়াইল নামক স্থানে চোরেরা গত রাতে দুটি গাছ কেটেছে। এর একটি নিয়ে যেতে পারলেও অন্যটি রেখে গেছে।মহাসড়কের উল্লেখযোগ্য অংশ পড়েছে কালাই উপজেলার পুনট ইউনিয়নের সীমানায়। পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস ফকির দাবি করেন, ‘আট বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। এই সময়ে মহাসড়কটির দুপাশে লাগানো কমপক্ষে দুই হাজার গাছ উজাড় হয়েছে। এক একটি গাছের মূল্য ১০ হাজার টাকা ধরা হলেও নিধন করা গাছের মূল্য দুই কোটি টাকা। তা ছাড়া মহাসড়কের এই অংশে একসময় গাছ কেটে নিয়মিত সড়ক ডাকাতি হতো। এতেও কিছু গাছ নিধন হয়েছে। আবার রাতে যেসব গাছ চুরি যায় সেখান থেকেও পুলিশ ও বন বিভাগের লোকজন নিয়মিত কমিশন নেয় বলে শুনেছি।’মূলগ্রামের বাসিন্দা নাইম বলেন, স্থানীয় কিছু চিহ্নিত অপরাধী বর্তমানে প্রায়ই দিনেদুপুরে গাছ ও ডাল কেটে নিচ্ছে। গাছ চুরির সঙ্গে নান্দাইল ও সড়াইল এলাকার কিছু চিহ্নিত অপরাধীও জড়িত। উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতার নাম ভাঙিয়ে তাঁর কর্মী-সমর্থকেরা সড়াইল এলাকায় গাছ ও গাছের ডাল কাটছে। শিমুলতলী এলাকায় গাছ ও ডাল নিধন করছে আওড়া এলাকার মাদকসেবী ও অপরাধীরা। আর পাঁচশিরা এলাকায় গাছ কাটার সঙ্গে জড়িত ওই এলাকার মাদকসেবী ও উঠতি অপরাধীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, রাতে মহাসড়কে টহল পুলিশও চোরাই গাছের কমিশন খায়।কেন্দ্রের রেঞ্জার ফিরোজ-বিন-ইসলাম গাছ চুরির সঙ্গে বন বিভাগের কারও সংশ্লিষ্টতা আছে—এমন অভিযোগ অস্বীকার করে বলেন, চলতি বছরের ১২ মার্চ পুনট বাজারের হাসান তারেক স-মিল থেকে চোরাই গাছ উদ্ধার করা হয়। ওই ঘটনায় স-মিল মালিক হাসান তারেক, গাছচোর শহীদুল ও আমিনুল ইসলামের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়। মামলা দায়েরের পর ক্ষমতাসীন দলের একজন জনপ্রতিনিধি কর্মকর্তাদের ভর্ৎসনা করেন। এর পরও বন বিভাগের লোকজন গাছ চুরি ঠেকাতে তৎপর রয়েছেন। উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘এ মহাসড়কে গাছ চুরির সঙ্গে বন বিভাগের লোকজনের সরাসরি সংশ্লিষ্টতা আছে। চোরদের সঙ্গে আঁতাত করে তাঁরা কমিশন খান। মহাসড়কের মরা গাছগুলো মৃত্যুফাঁদে পরিণত হওয়ায় জেলা সমন্বয় কমিটির সভায়ও এসব মরাগাছ দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু মরা গাছ অপসারণে বন বিভাগের সদিচ্ছা নেই। পরে জেনেছি, এসব মরা গাছ কেটে গোপনে বিক্রির সঙ্গে বন বিভাগের লোকজনই জড়িত।’ পুনট এলাকার স-মিলে চোরাই গাছ উদ্ধারের পর স-মিল মালিকের পক্ষে সুপারিশের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বলেন, সুপারিশ নয়, সে সময় বলা হয়েছিল, গাছটি চোরাই কি না তা স-মিল মালিকের জানার কথা নয়। আসল অপরাধী যারা তারা গাছটি কেটে এখানে বিক্রি করেছে। প্রকৃত অপরাধীর বিরুদ্ধেই মামলা দেওয়া হোক। কালাই থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মহাসড়কের গাছ চুরির বিষয়টা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিচ্ছিন্নভাবে কোথাও ডাল কাটার ঘটনা ঘটলে সেটাও পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়অ হবে।চোরদের সঙ্গে যোগসাজশ করে চোরাই গাছ থেকে পুলিশ কমিশন খায়—এ ধরনের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে ওসি বলেন, ‘আমি এখানে দায়িত্ব নেওয়ার আগে কিছু হয়েছে কি না, সেটা বলতে পারব না। তবে দায়িত্ব নেওয়ার পর পুলিশের কেউ এ ধরনের অনৈতিক কাজে সম্পৃক্ত নেই। বন বিভাগের দায়ের করা গাছ চুরির মামলাটি তদন্ত শেষে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’