দুষ্টামির শাস্তি ৩৫ বেত্রাঘাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুষ্টামি করায় মেহেদী হাসান নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে শিক্ষক ৩৫টি বেত্রাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। সে বর্তমানে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। যশোরের কেশবপুরের সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে মেহেদীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।মেহেদীর দাবি, ক্লাস চলার সময় বন্ধুর সঙ্গে খাতার পৃষ্ঠা ছেঁড়া নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে সে। এ সময় ক্লাসে থাকা শিক্ষক সিরাজুল ইসলাম তাকে বেত দিয়ে ৩৫টি আঘাত করেন। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে।এ ব্যাপারে মেহেদীর বাবা দ্বীন মোহাম্মদ জানান, মেহেদীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।তবে শিক্ষক সিরাজুল ইসলাম দাবি করেন, মেহেদীকে মারার পর তার বাবা ও এলাকার কিছু লোক তাঁকে মারধর করেছেন। এ ব্যাপারে তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম দুটি অভিযোগ পাওয়ার বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকারকে দুদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।