দুস্থ মানুষের সরব কণ্ঠ নতুন পোপ
নতুন পোপ হোর্হে মারিও বেরগোগলিও সম্পর্কে বলা হয়ে থাকে, সাদাসিধে জীবন যাপনের অধিকারী এই ধর্মীয় পুরুষ দুস্থ মানুষের পক্ষে এক সরব কণ্ঠ।১৯৩৬ সালের আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে জন্মগ্রহণ করেন ইতালীয় বংশোদ্ভূত হোর্হে মারিও বেরগোগলিও ওরফে পোপ ‘ফ্রান্সিস’। ১৯৬৯ সালে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ‘সোসাইটি অব জেসাস’ নামক ধর্মসংঘের সদস্য (জেজুইত) হন তিনি। তিনি আর্জেন্টিনা ও জার্মানিতে পড়াশোনা করেছেন।১৯৯৮ সালে বুয়েন্স এইরেসে কার্ডিনাল নির্বাচিত হন ‘ফ্রান্সিস’। ২০০৫ সালের পোপ নির্বাচনে অংশ নিয়েছিলেন হোর্হে মারিও বেরগোগলিও। ওই সময় তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোটও পেয়েছিলেন। অবশেষে সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের পর ২০১৩ সালের ১৩ মার্চ রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ নির্বাচিত হন তিনি।সাদাসিধে জীবন যাপনবুয়েন্স এইরেসের কার্ডিনাল থাকা সত্ত্বেও ‘ফ্রান্সিস’ কখনো বিলাসী জীবন যাপন করেননি। এমনকি কার্ডিনালদের জন্য নির্ধারিত গৃহে বাস করেননি। শহরতলির একটি সাধারণ বাড়িতে তিনি বাস করেছেন। তাঁর বাড়িতে প্রয়োজনীয় আসবাবের বাইরে কোনো বিলাসী দ্রব্য ছিল না। নিজের খাবার নিজেই রান্না করে খেয়ে এসেছেন তিনি। যাতায়াতও করেছেন গণপরিবহনে।গণমাধ্যমে সাক্ষাত্কার দিতে পছন্দ করেন না বেরগোগলিও (পোপ ফ্রান্সিস)। তাঁর জীবনী লেখক সেরগিও রুবিনের ভাষ্য, সমালোচকদের অপ্রিয় বাক্যবাণে কখনো বিচলিত হতে দেখা যায়নি তাঁকে।সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রশ্নে সোচ্চারসামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রশ্নে বরাবরই সোচ্চার নবনির্বাচিত পোপ ‘ফ্রান্সিস’। বিশ্বব্যাপী সম্পদের বৈষম্য ও বিশ্বায়নের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে নিজের অবস্থান তিনি স্পষ্ট করেছেন বহুবার। ২০০৭ সালে লাতিন আমেরিকার বিশপদের একটি সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে অসাম্যের এলাকায় বাস করছি। এই অসাম্য বেড়ে গেছে অনেক, সে তুলনায় দুর্ভোগ লাঘব হয়েছে কম।’ তিনি বলেন, ‘সমাজে সম্পদের অন্যায্য বণ্টন এখনো রয়েই গেছে। এই সামাজিক পাপ এমন পরিস্থিতি তৈরি করেছে, যার করুণ আর্তনাদ স্বর্গের দ্বারে মাথা কুটে মরছে। এই পরিস্থিতির কারণে আমাদের ভাই-বেরাদরের পরিপূর্ণ জীবন যাপনের পথ গণ্ডিবদ্ধ হয়ে পড়েছে।’যুক্তরাষ্ট্রের ক্যাথলিক ভয়েস নামের একটি সংগঠনের পরিচালক কিম ড্যানিয়েলের মতে, ‘তিনি নির্বাক ও দুস্থ মানুষের প্রকৃত কণ্ঠস্বর।’তবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার বিষয়ে অবিচল হলেও সমকামিতা, সমলিঙ্গের বিয়ে, গর্ভনিয়ন্ত্রণসহ যৌন সম্পর্কের নানাবিধ প্রশ্নে অন্যান্য ধর্মগুরুদের মতো রক্ষণশীল নতুন পোপ ‘ফ্রান্সিস’। সরকারবিরোধী অবস্থান নিয়ে বিতর্কআর্জেন্টিনায় ১৯৭৬-৮৩ পর্যন্ত চলা সামরিক শাসনামলে দুই ধর্মযাজককে আটক ও কারাদণ্ড দেওয়া হয়। সে সময় ওই দুই ধর্মযাজককে সেনাশাসকদের কবল থেকে পালিয়ে যেতে সহায়তা করে তিনি বিতর্কের জন্ম দেন।২০০১ সালে আর্জেন্টিনায় জনগণের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের নিপীড়নের তীব্র নিন্দা করেন তিনি।এ ছাড়া সমকামী বিয়ে, গর্ভনিয়ন্ত্রণ বিষয়ে আর্জেন্টিনা সরকারের নেওয়া উদ্যোগের সমালোচনা করে প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের বিরাগভাজন হন তিনি। (বিবিসি ও দ্য টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে)