শত শত বল আছড়ে পড়েছে পিচের মাটিতে। কোনোটা তপ্ত, কোনোটা শীতল। কোনোটা ক্ষীপ্র, কোনোটা শ্লথ। কোটি কোটি শব্দ বেরিয়ে গেছে কলম থেকে, ঠোঁট থেকে। কিছু তার পুষ্পিত, কিছু তীর্যক, ধারালো। প্রত্যাশায়, প্রাপ্তিতে, হতাশায় কেটে গেছে দিনের পর দিন। সামুদ্রিক জোয়ারে উচ্ছ্বসিত হয়েছে গ্যালারি। আবার সেখানে নেমেছে শ্মশানের নীরবতা। এমনি ধরেই ১৯ ফেব্রুয়ারি থেকে বেলা গেছে। আজ উপস্থিত শেষের সেই দিন। তবে শেষের দিন বলে ভয়ংকর নয়। আজ সেই দিনের গর্ভে সুন্দরের আবাহন। আজ ক্রিকেট বিশ্বের প্রতীক্ষায় বসন্তের রং মাখা, কানে কানে বাতাসের ফিসফিসানি—মুম্বাই, মুম্বাই। ক্রিকেট বিনোদনের চূড়ান্ত মাত্রা উপভোগ করতে আর মাত্র ক ঘণ্টার অপেক্ষা। ভারত-শ্রীলঙ্কা অপেক্ষায় আছে ইতিহাসকে টেনে এনে আজকের দিনের সঙ্গে মেলাতে। মহেন্দ্র সিং ধোনির দল চাইবে ১৯৮৩—এর লর্ডসকে আজ টেনে আনতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর কুমার সাঙ্গাকারা জীবন্ত করতে চাইবেন ১৯৯৬-এর গাদ্দাফি স্টেডিয়ামের স্মৃতি। মাঝখানে দুই দলেরই দিন গেছে একবার করে ফাইনালে হতাশার আগুনে পোড়ার। এবার সেই হুতাশনে কেউ পুড়তে চাইবে না। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া দুই দলের কাছে তাই আজকের চূড়ান্ত খেলার সরল দাবি—সুন্দরের মহিমামাখা চিরন্তনী ক্রিকেট।ভারত আর শ্রীলঙ্কাজোড়া আজ ক্রিকেটের বসন্ত উৎসব। শ্রীলঙ্কান রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষে মুত্তিয়া মুরালিধরনের সম্মানে বিশ্বকাপ চান। রাষ্ট্রপতির প্রণোদনায় উত্তাল শ্রীলঙ্কা। এদিকে ৩৩ কোটি দেবতার সঙ্গে নিত্যদিনের পূজা কুড়াচ্ছেন শচীন টেন্ডুলকার। ভারতের বিশ্বকাপ জয়ের সম্মানে ভুপালে স্টেডিয়াম বানাতে চান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিজয়াগ্রহে উন্মাতাল হয়ে আছে ভারতবাসী, উৎকণ্ঠা আর ক্রিকেটীয় উত্তেজনায় কাঁপছে দুই দেশের মানুষ। অন্যদিকে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিদায়ের সঙ্গে সঙ্গেই অন্যরকম উৎসাহে টইটম্বুর পূর্ব গোলার্ধ। এশীয়রা তো বটেই। উপমহাদেশীয় ফাইনাল মানেই ক্রিকেটের বিশ্ব শ্রেষ্ঠত্ব আপাতত আমাদেরই। সোনার হরিণ ক্ষণিকের ভুলে হাতছাড়া হওয়ার বেদনায় নীল হয়ে পাকিস্তানও সেই শ্রেষ্ঠত্বের অংশীদার। আর আমরা বাংলাদেশিরা এবারের বিশ্বকাপ থেকে স্বপ্নের সীমানাটা বাড়ানোর সুযোগ পেয়েছি। প্রতিবেশীরা পারলে আমরাও একদিন পারব। বিশ্বাসের শুরুটা এই মহোৎসব থেকে হোক। দেখবেন একদিন আমরাও...।এই যে আজকে ভারত-শ্রীলঙ্কা বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত খেলা খেলছে। এই যে অস্ট্রেলিয়ানদের একাধিপত্য ভারত-পাকিস্তান থামিয়ে দিল। এসব এ অঞ্চলের ক্রিকেটের প্রতি আন্তরিকতা ও অঙ্গীকারবদ্ধতারই ফসল। ক্রিকেটের উন্নয়নে, বিশেষ করে গত এক যুগে ক্রিকেটীয় স্কিলে যেসব কার্যকর নতুন কৌশল যোগ হয়েছে, যোগ হয়ে স্বীকৃত হয়েছে তার সবগুলোই এশীয়দের হাতেই। সাম্প্রতিক ক্রিকেটের দিকে তাকালেই বিষয়টি বোঝা যাবে। বোলিংয়ে রিভার্স সুইং, স্লোয়ার বাউন্স, দুসরা, ব্যাটিংয়ে রিভার্স সুইপ, হরেক রকম স্কুপ এশীয়দের হাতেই সৃষ্ট এবং পরিশীলিত। পাকিস্তানিরা রিভার্স সুইং ঘষেমেজে তুলে এনেছে। সাকলায়েন মুশতাকের হাত ধরে আসা দুসরাকে মুরালিধরন, হরভজনরা ধারালো করে তুলেছেন। মুশতাক মোহাম্মদ সূত্রপাত ঘটান রিভার্স সুইপের। দিলশানের প্রতিষ্ঠিত আজকের দিলস্কুপের পূর্বাভাস দিয়েছিলেন আমাদের আশরাফুল। এসব অত্যাধুনিক ক্রিকেট কৌশলের উদ্ভাবকেরা বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে তো থাকবেনই। এ তাঁদের সংগত অধিকার। আমরাও সে অধিকারের অংশ নিতে গুটি গুটি এগোচ্ছি। আজ আমাদেরও নতুন করে শপথ নেওয়ার দিন। চূড়ান্ত খেলা দেখতে দেখতে আমরাও ভেতরে ভেতরে প্রতিজ্ঞাবদ্ধ হব। আজ কে জিতবে, সে সহজিয়া ভাবনায় গেলাম না। কারণ সেটা প্রকৃত প্রস্তাবে সহজ কাজ নয়। বাতাসে গুঞ্জরিত হচ্ছে ভাওয়াইয়া-ভাটিয়ালি—কেহ কারে নাহি জিনে সমানে সমান। শচীন টেন্ডুলকার আর মুত্তিয়া মুরালিধরনের সম্মানে এ বিষয়ে ঘণ্টা কয়েক আমরা একটু চুপচাপ থাকি না কেন, উপভোগ করি ক্রিকেটের এই মহানন্দ পর্ব।