দুয়ারে দেয়াল জানালা দিয়ে যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়তলা পর্যন্ত বাড়ির ছাদ ঢালাই হয়েছে। তিনতলা পর্যন্ত বসবাসের উপযোগী করে প্লটের মালিক ও ভাড়াটেসহ পাঁচ পরিবার সাত-আট মাস আগে এ নতুন বাড়িতে ওঠে। প্রায় এক মাস আগে এ বাড়ির মূল ফটক বন্ধ করে দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ফলে বাড়িটির পাঁচ পরিবারসহ চক্রেসো কানন আবাসিক এলাকার ২৩ পরিবার একরকম অবরুদ্ধ হয়ে পড়েছে। ওই ভবনটির পরিবারের সদস্যরা বাধ্য হয়ে পেছনের জানালার গ্রিল উঠিয়ে দিয়ে বাড়ি থেকে বের হওয়ার ব্যবস্থা করেছেন। আবাসিক এলাকার পেছনের পথ দিয়ে ঘুরে তাঁদের মূল সড়কে আসতে হচ্ছে।সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার পশ্চিম ষোলশহর ও পূর্ব নাসিরাবাদ মৌজায় এ আবাসিক এলাকার অবস্থান। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা এই আবাসিক এলাকা গড়ে তুলেছেন। এই আবাসিক এলাকার প্লটের সংখ্যা ১৭৩টি। অনেকেই নতুন বাড়িঘর নির্মাণ করে বসবাস শুরু করেছেন। আরও কয়েকটি প্লটে ভবন নির্মাণ হতে দেখা গেছে। প্রাচীরের কারণে নির্মাণাধীন বাড়ির নির্মাণসামগ্রী পরিবহনও ব্যাহত হচ্ছে।বাসিন্দারা অভিযোগ করেন, এপিবিএন ওই আবাসিক এলাকার কিছু অংশ নিজেদের বলে দাবি করছে। প্রায় এক মাসে আগে তারা ওই আবাসিক এলাকার সামনের সীমানা ঘেঁষে প্রাচীর নির্মাণ করে। চক্রেসো আবাসিক এলাকার বাসিন্দারা প্রাচীর নির্মাণের প্রতিবাদ করলেও এপিবিএন কাজ বন্ধ করেনি। সীমানাপ্রাচীর নির্মাণের কারণে আবাসিক এলাকার মোট ২৩টি পরিবার প্রায় এক মাস ধরে অনেকটা অবরুদ্ধ হয়ে আছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এ অবস্থায় বাধ্য হয়ে বাসিন্দাদের চক্রেসো সমিতির কর্মকর্তারা হাইকোর্টে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে গত মাসের ২৭ এপ্রিল বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমদ ও বিচারপতি নাইমা হায়দারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই সীমানাপ্রাচীর ভেঙে দেওয়ার আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি চার সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে এপিবিএনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত দেয়াল সরিয়ে নেওয়া হয়নি।এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ প্রথম আলোর কাছে দাবি করেন, ‘সমঝোতা বৈঠকে বসার কথা বলে চক্রেসোর নেতারা আসেননি। তবে ২০০৫ সালে এপিবিএন ও চক্রেসোর যৌথ জরিপের ভিত্তিতে আমরা সীমানাপ্রাচীর নির্মাণ করেছি। চক্রেসো পুলিশের আরও ৭০ শতাংশ জায়গা দখল করে রেখেছে।’পুলিশের সঙ্গে বিরোধের কারণে ভীতসন্ত্রস্ত নাম প্রকাশে অনিচ্ছুক চক্রেসো সমিতির একজন নেতা দাবি করেন, ‘সীমানা নিয়ে বিরোধের কারণে আমরা এপিবিএন কর্তৃপক্ষকে সমঝোতা বৈঠকে বসার অনুরোধ করেছি। গত তিন মাসে পাঁচটি বৈঠক হয়েছে। প্রত্যেকটিতে এএসপি ফরিদ উপস্থিত ছিলেন। অথচ সমঝোতা বৈঠকের মধ্যেই তাঁরা দেয়াল নির্মাণ করে। এ কারণে ২৩টি পরিবার অবরুদ্ধ হয়ে গেছে। আর সীমানার পাশের প্লটগুলোতে কোনো বাড়ি নির্মাণ করার সুযোগ থাকছে না।চক্রেসো আবাসিক এলাকার বাড়ির মালিক রোজি আক্তার দাবি করেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন নিয়ে আমি বাড়ি নির্মাণ করেছি। ভাড়াটেসহ আমরা পাঁচ পরিবার সাত-আট মাস ধরে নির্বিঘ্নে নতুন বাড়িতে বসবাস করছিলাম। প্রায় এক মাস আগে এপিবিএন কর্তৃপক্ষ আমাদের বাড়ির মূল ফটকের সামনে দিয়ে দেয়াল তুলে দেয়। ফলে আমরা বাড়ি থেকে বের হতে পারছিলাম না। পরে বাধ্য হয়ে বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে বাইরে বের হতে কোনোমতে পথ করেছি। আমাদের ছেলেমেয়েদের অনেক কষ্ট করে স্কুলে যেতে হচ্ছে।’ তিনি বলেন, ‘এটা তো স্থায়ী কোনো সমাধান হতে পারে না। আমরা কি সারা জীবন এভাবে অবরুদ্ধ থাকব?’ সরেজমিন দেখা গেছে, রোজি আক্তার তাঁর বাড়ির পেছনের জানালা কেটে যাতায়াতের বিকল্প পথ তৈরি করেছেন। তাঁর বাড়ির পেছনের দিকে আরেকটি প্লট আছে, যা এখনো খালি। ওই প্লটের মালিক বাড়ি তৈরি করলে রোজি আক্তারের ছয়তলা বাড়ি থেকে চলাচলের সব পথ অবরুদ্ধ হয়ে যাবে। অন্য বাসিন্দাদেরও আবাসিক এলাকার পেছনের দিক দিয়ে ঘুরে মূল রাস্তায় আসতে হচ্ছে।নিজের প্লটের মাঝখানে সীমানাপ্রাচীর নির্মাণের খবর পেয়ে সৌদি আরব থেকে ছুটে আসেন বিপ্লবী হারুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘১৪ এপ্রিল আমি সৌদি আরবে যাই। ৪ মে ফিরে আসি। আমার প্লটের মধ্যে নাকি এপিবিএন কর্তৃপক্ষ জায়গা পাবে। আমার সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে এই প্লট কিনেছি। প্লটটি হাতছাড়া হলে স্ত্রী-সন্তান নিয়ে আমি যাব কোথায়?’