দূতাবাস গুটিয়ে নেওয়ার আহ্বান উত্তর কোরিয়ার
সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপটে ১০ এপ্রিলের পর উত্তর কোরিয়ায় অবস্থিত কোনো বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে জানিয়েছে পিয়ংইয়ং। তাই যুক্তরাজ্য, রাশিয়াসহ ইউরোপের দেশগুলোকে তাদের দূতাবাস থেকে কূটনৈতিক কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাজ্য, রাশিয়াসহ ইউরোপীয় দেশগুলো আজ সকালে পিয়ংইয়ংয়ের কাছ থেকে এ-সংক্রান্ত চিঠি পেয়েছে।যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর দেশ এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে।প্রায় এক মাস ধরে কোরিয়া উপদ্বীপে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। উত্তর কোরিয়া দাবি করেছে, অঞ্চলটিতে যেকোনো সময় পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে মাঝারি পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তা লুকিয়ে রেখেছে বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে খবর বেরিয়েছে। এদিকে পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন করছে।