ফিলিপাইনে রাষ্ট্রদূত থাকাকালে মাজেদা রফিকুন নেসা দূতাবাসকে পারিবারিক দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। নিজের স্বামী, মেয়ে, বোনসহ আরও কয়েক আত্মীয়কে চাকরি দিয়েছেন তিনি।নিজের বাড়তি আয়ের জন্য বাংলাদেশের ভিসার বিনিময়ে নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ অর্থ আদায় করেন। ওই বাড়তি অর্থ জমা করেছেন নিজস্ব ব্যাংক হিসাবে। অনিয়ম, দুর্নীতি, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত্ করে বিলাসবহুল জীবন যাপন করেছেন পররাষ্ট্র ক্যাডারের এই রাষ্ট্রদূত।সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভ্যন্তরীণ বৈঠকে জমা দেওয়া একটি অনুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। অভিযোগ হাতে পেয়ে টানা ছয় মাস তদন্ত করে মাজেদা রফিকুন নেসার বিরুদ্ধে এসব অভিযোগের প্রমাণ পেয়েছে অনুসন্ধানী দল। তাই মাজেদা রফিকুন নেসা এবং তাঁর স্বামী, সন্তান ও বোনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।আগামীকাল বুধবার মামলা করা হবে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন অনুসন্ধান দলের প্রধান ও দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানায়, মাহবুবুল আলম মামলার বাদীও হবেন। আর মামলায় সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেসা (ওএসডি), তাঁর স্বামী আবদুল মান্নান মিয়া, মেয়ে নওমী মান্নান, বোন মাকসুদা সাফিউন নেছাসহ আরও কয়েকজনকে আসামি করা হবে।নথি অনুযায়ী, চলতি বছরের ২৯ এপ্রিল দুদক অনুসন্ধান কাজ শুরু করে। অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ রয়েছে, রাষ্ট্রদূত থাকা অবস্থায় মাজেদা রফিকুন নেসা দূতাবাসে তাঁর পরিবারের সদস্যদের দুর্নীতির মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সরকারি টাকা আত্মসাত্ করেন। কনস্যুলার সেকশনের ফি জালিয়াতি, দূতাবাসে জাতীয় অনুষ্ঠান না করে বরাদ্দ টাকা আত্মসাত্ ও পুরোনো গাড়ি মেরামতের নামে লাখ লাখ টাকা তুলে নিয়েছেন মাজেদা। এ ছাড়া তিনি অন্যান্য খাতেও ভুয়া টাকার রসিদ (ক্যাশমেমো) বানিয়ে দূতাবাসের কোটি কোটি টাকা লুট করেছেন।প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, মাজেদা ফিলিপাইনে যোগ দেন ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর। এর ঠিক এক সপ্তাহ পর ছোট বোন মাকসুদা সাফিউন নেছাকে রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেন। নয় দিন পর ৭ অক্টোবর মাজেদা তাঁর স্বামী আবদুল মান্নান মিয়াকে দূতাবাসের সেক্রেটারি বা কনস্যুলার কর্মকর্তা পদে নিয়োগ দেন। তাঁদের দুজনেরই চাকরির মেয়াদ ছিল মাত্র ছয় মাস। সাবেক এ সরকারি কর্মকর্তার স্বামী ও ছোট বোনের বেতন ধরা হয় ওই দুই পদের বেতনসীমার সর্বোচ্চ। তাঁদের বেতন নির্ধারিত হয় ফিলিপাইনের মুদ্রায় ২৪ হাজার পেসো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার টাকা। স্বামী ও বোনের পর মেয়ে নওমী মান্নানকে দূতাবাসের স্থানীয় সচিব পদে নিয়োগ দেন মাজেদা, যদিও স্থানীয় লোকদের এই পদে নিয়োগ দেওয়াই সাধারণ নিয়ম। মেয়ে নওমীর বেতন ধরা হয় ২২ হাজার পেসো বা প্রায় ৪৪ হাজার টাকা।মাজেদা রফিকুন নেসা ২০১০ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনে আগের রাষ্ট্রদূত চৌধুরী ইখতিয়ার মমিনের স্থলাভিষিক্ত হন। দুর্নীতির অভিযোগে এ বছরের জুন মাসে মাজেদাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।