দূতাবাসে প্রবেশ হবে ‘কূটনৈতিক আত্মহত্যা’
ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, লন্ডনে ইকুয়েডর দূতাবাসে যুক্তরাজ্যের প্রবেশের চেষ্টা হবে ‘কূটনৈতিক আত্মহত্যা’র শামিল। এমনটি করলে বিশ্বব্যাপী যুক্তরাজ্যের দূতাবাসগুলোয় অন্যদের প্রবেশের পথ উন্মুক্ত হবে।মার্কিন গোপন তারবার্তা ফাঁস করে আলোচিত উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া এ কথা বলেন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।জুলিয়ান অ্যাসাঞ্জ গত জুন মাস থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। সম্প্রতি ইকুয়েডর সরকার ওই দেশে তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তবে দূতাবাস থেকে বের হলেই যুক্তরাজ্য সরকার তাঁকে গ্রেপ্তার করবে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক দিন ধরে দূতাবাসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।যুক্তরাজ্য জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনের হাতে তুলে দিতে চায়। সুইডেনে অ্যাসাঞ্জকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে বিচারের সম্মুখীন হতে হবে। তবে অ্যাসাঞ্জ বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, প্রেসিডেন্টের এই বক্তব্য প্রচারের সময় লন্ডনে ইকুয়েডর দূতাবাসে থাকা অ্যাসাঞ্জের জীবনযাপন নিয়ে একটি ফুটেজ দেখানো হয়। সেখানে দেখা গেছে, অ্যাসাঞ্জ তাঁর আইনজীবী সাবেক স্প্যানিশ বিচারক বলতাজা গ্যাবসনকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করছেন। গত রোববার এর কিছুক্ষণ পরই তিনি দূতাবাসের বারান্দায় দাঁড়িয়ে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন।অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের জন্য ইকুয়েডরের দূতাবাসে ব্রিটিশ পুলিশ ঢুকতে পারে বলে যুক্তরাজ্য সরকার বার্তা দিলেও তারা তা করবে বলে মনে করেন না প্রেসিডেন্ট কোরেয়া। তিনি বলেন, লন্ডনে ইকুয়েডর দূতাবাসে ব্রিটিশ পুলিশ ঢোকার কোনো আশঙ্কা নেই। তবে যতক্ষণ পর্যন্ত না যুক্তরাজ্য সরকার এ ব্যাপারে নিজেদের গুটিয়ে না নেয় বা ক্ষমা প্রার্থনা না করে, ততক্ষণ পর্যন্ত এ আশঙ্কা থেকেই যাবে।ইকুয়েডর দূতাবাসে প্রবেশের বিষয়টি আত্মহত্যার শামিল কেন হবে, এর ব্যাখ্যা দিতে গিয়ে কোরেয়া বলেন, যুক্তরাজ্য যদি তা করে, তবে বিশ্বব্যাপী তাদের দূতাবাসগুলোয় যে কেউ যেকোনো সময় ঢুকতে পারবে। এ ব্যাপারে তাদের কিছুই বলার থাকবে না।দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে সরিয়ে ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে কিছু বলেননি প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। প্রয়োজনে বিষয়টি তিনি জাতিসংঘে তুলতে প্রস্তুত বলে জানান। তিনি আশা করেন, ইকুয়েডর তাদের নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে আগামী শুক্রবার অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের বৈঠকে ভালো সমর্থন পাবে।