দূতাবাসে হামলায় ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত গোয়েন্দাদের!
নয়াদিল্লিতে ইসরায়েলের দূতাবাসের সামনে গতকাল সোমবার বোমা হামলায় ইরানের সংশ্লিষ্ট থাকার ইঙ্গিত দিয়েছে ভারতের গোয়েন্দা সূত্র। দ্য টাইম অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, এ হামলার জন্য ভারতের গোয়েন্দা কর্মকর্তারা এক ইরানিকে সন্দেহ করছেন। গোয়েন্দাদের ধারণা, এটি প্রতিশোধমূলক হামলা হতে পারে। সূত্র বলেছে, ইরানের পক্ষ থেকে এ ধরনের হামলা হতে পারে বলে ইসরায়েল সম্প্রতি ভারতকে জানিয়েছিল।নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ওই বোমা হামলায় এক কূটনীতিকসহ চারজন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া জর্জিয়ার তিবলিসেও ইসরায়েলি দূতাবাসের সামনে গতকাল দূতাবাসের একটি গাড়ির নিচ থেকে পুলিশ একটি বোমা উদ্ধার করেছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ভারত ও জর্জিয়ায় তাঁদের দূতাবাসে বোমা হামলার ঘটনায় ইরান ও হিজবুল্লাহ জড়িত। তবে ইরান তা অস্বীকার করেছে।এদিকে, এ হামলার পর তেহরানের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক চাপের মুখে পড়েছে। ইসরায়েলপন্থী মার্কিন লবিস্টরা ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে।