দূর হয়েছে ভুল ধারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্টারনেট ব্যবহার করলে ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে—এ ধরনের একটি ভুল ধারণা চলে আসে। কিন্তু গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের মাধ্যমে সেই ভুল ধারণা দূর হয়েছে।’গতকাল বুধবার যশোরে আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর প্রথম আলোর কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করে শেখ মোহাম্মদ ত্বোয়্হা। সে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।‘এসো পৃথিবীর পাঠশালায়...’—বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আহ্বান জানিয়ে গতকাল ইন্টারনেট উৎসবটি হয় যশোর জিলা স্কুল মিলনায়তনে। উৎসব হয় ঢাকার নবাবগঞ্জ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজেও।সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে আই-জিনিয়াস নির্বাচিত হয়ে একজন পায় মেডেল ও প্রথম আলোর উপহার। অন্য নয়জনকে দেওয়া হয় ক্রেস্ট। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় প্রথম আলোর পক্ষ থেকে একটি স্মারক, একটি ঘড়ি ও মগ।যেসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি, তাদের জন্য ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোন। ছিল প্রথম আলো, গ্রামীণফোন, নকিয়া, ফেসবুকসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের স্টল।যশোর: উৎসবের উদ্বোধন করেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমীরুল আলম খান। শপথবাক্য পাঠ করান যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহম্মদ গোলাম মোস্তফা, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, গ্রামীণফোনের কর্মকর্তা রিয়াজ আল মারুফ ভূঁইয়া ও গত বছরের আই-জিনিয়াস নির্ঝর কুমার রায়। উৎসব পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার যশোরের সভাপতি শুভংকর গুপ্ত। কুইজ প্রতিযোগিতা চালান গ্রামীণফোনের মো. শামীমুজ্জামান।উৎসবে যশোর সদর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো: যশোর জিলা স্কুল, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ, শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, বিএএফ শাহীন কলেজ, সরকারি মহিলা কলেজ, হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ ও এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ। নবাবগঞ্জ: উৎসবের উদ্বোধন করে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান নবাবগঞ্জ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রেজাউল করিম।উদ্বোধনী অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত বলেন, বিশ্বায়নের এই যুগে মানুষের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে ইন্টারনেট। এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে নতুন দিগন্তের সৃষ্টি করবে। প্রয়াস জোগাবে ইতিবাচক ও সৃষ্টিশীল কাজের।ঢাকা বন্ধুসভার বিশেষ দলের সমন্বয়ক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক আয়শা খাতুন, প্রথম আলোর নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক ও নবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মহসীন হাসান।উৎসবে নবাবগঞ্জের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী যোগ দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: নবাবগঞ্জ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, দোহার নবাবগঞ্জ কলেজ, ইছামতী কলেজ, তারিনীবামা উচ্চবিদ্যালয়, কেপি উচ্চবিদ্যালয়, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়, হাসনাবাদ ইউফ্রেজিস উচ্চবিদ্যালয়, খানেপুর উচ্চবিদ্যালয়, দাউদপুর উচ্চবিদ্যালয়, বাগমারা উচ্চবিদ্যালয়, বক্সনগর উচ্চবিদ্যালয়, বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল হাইস্কুল ও পিকেবি উচ্চবিদ্যালয়।আই-জিনিয়াস নির্বাচিত হয় নবাবগঞ্জ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র মো. হাফিজুর রহমান।আজ উৎসব পাঁচ জায়গায়: আজ বৃহস্পতিবার ইন্টারনেট উৎসব হবে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়, টাঙ্গাইলের মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ, নীলফামারীর সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোরের কেশবপুর কলেজ ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে।সংশোধনী: গতকাল ইন্টারনেট উৎসব নিয়ে প্রকাশিত সংবাদে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আই-জিনিয়াস প্রতীক মজুমদারকে দশম শ্রেণীর শিক্ষার্থী বলা হয়। প্রকৃতপক্ষে সে নবম শ্রেণীর শিক্ষার্থী।