গাইবান্ধায় সান্তাহার-লালমনিরহাট রেলরুটে ট্রেন পরিচালনায় অব্যবস্থাপনা চলছে। আন্তনগর ট্রেনে একই দূরত্বের জন্য দুই রকম ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ট্রেনের বগিতে প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি নেই। নেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কিংবা পানি সরবরাহ ব্যবস্থা। টয়লেট থাকলেও সেগুলো ব্যবহারের অনুপোযোগী। ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে এই রুটে রেলপথে প্রয়োজনীয় স্লিপার না থাকায় যাত্রীবাহী ট্রেনের গতি কমানো হয়েছে। গাইবান্ধা রেলস্টেশন সূত্র জানায়, বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় সান্তাহার-লালমনিরহাট-দিনাজপুর রেলরুটে সাতটি ট্রেন চলাচল করছে। এগুলো হচ্ছে—আন্তনগর করতোয়া, দোলনচাঁপা লালমনি এক্সপ্রেস, পদ্মরাগ, সেভেন-আপ, এইট-ডাউন মেইল ও সান্তাহার লোকাল। এর মধ্যে সান্তাহার-লালমনিরহাট রুটে করতোয়া, লালমনি, পদ্মরাগ, সান্তাহার লোকাল, সেভেন-আপ, এইট-ডাউন, সান্তাহার-দিনাজপুর রুটে দোলনচাঁপা। করতোয়া ও লালমনি এক্সপ্রেস ঢাকা-লালমনিরহাট রুটে এবং সেভেন-আপ, এইট-ডাউন মেইল ট্রেন বর্তমানে ঠাকুরগাঁও পর্যন্ত যাতায়াত করছে। অভিযোগ আছে, দোলনচাঁপা এক্সপ্রেসে একই দূরত্বের জন্য দুই রকম ভাড়া নেওয়া হচ্ছে। গাইবান্ধা থেকে বগুড়ার দূরত্ব ৬৩ কিলোমিটার ও সান্তাহার ১০৩ কিলোমিটার। গাইবান্ধা রেলস্টেশন থেকে বগুড়া ও সান্তাহার যেতে ভাড়া নেওয়া হয় ৫০ টাকা। একই দূরত্ব হলেও বগুড়া থেকে গাইবান্ধায় আসতে ভাড়া নেওয়া হচ্ছে মাত্র ৩৫ টাকা। এই রুটে দীর্ঘদিন যাতায়াতকারী গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ গ্রামের ব্যবসায়ী মনজুর হাবিব আক্ষেপ করে বলেন, ‘রেলওয়ের একি নিয়ম! দূরত্ব এক। কিন্তু ভাড়া দুই রকম। বগুড়া যেতে ৫০ টাকা লাগছে। অথচ মাত্র ৩৫ টাকা দিয়ে আসতে পারছি। বিষয়টি গাইবান্ধা স্টেশনমাস্টার ও ট্রেনে কর্মরত কর্মকর্তাদের একাধিকবার জানানো হয়েছে। তাঁরা কেবল বলেন, আমাদের করার কিছু নেই।’ অন্যান্য স্টেশনের ক্ষেত্রেও ভাড়ার বৈষম্য রয়েছে। একই (দোলনচাঁপা) এক্সপ্রেসে বামনডাঙ্গা থেকে সোনাতলার দূরত্ব ৬০ কিলোমিটার। কিন্তু ভাড়া নেওয়া হয় ৩০ টাকা। অথচ মহিমাগঞ্জ থেকে বগুড়ার দূরত্ব ২৮ কিলোমিটার হলেও ভাড়া নেওয়া হয় ৪০ টাকা। শুধু তাই নয়, মহিমাগঞ্জ থেকে সোনাতলার দূরত্ব আট কিলোমিটারের জন্য ভাড়া ৩০ টাকা। গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামের কলেজশিক্ষক তাজুল ইসলাম বলেন, ট্রেন পরিচালনায় অব্যবস্থাপনা প্রকট হয়ে উঠেছে। এ কারণে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়নি। ফলে সাধারণ যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে প্রতিনিয়ত ঠকছে। এসব অভিযোগ স্টেশনমাস্টারদের বললে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে পার পেয়ে যান। এ প্রসঙ্গে গাইবান্ধা স্টেশনমাস্টার আব্দুল ওয়াহেদ মণ্ডল বলেন, ‘একই দূরত্বে দুই রকম ভাড়া নেওয়ায় প্রতিনিয়ত যাত্রীদের কাছে জবাবদিহি করতে হচ্ছে। এখানে আমাদের করণীয় নেই। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তাঁরা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’খোঁজ নিয়ে জানা গেছে, এই রুটে চলাচলকারী ট্রেনের মধ্যে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস যাতায়াত করছে মাত্র ছয়টি ও করতোয়া এক্সপ্রেস তিনটি বগি নিয়ে। মজার ঘটনা হলো, আন্তনগর এক্সপ্রেস ট্রেনের জন্য নির্ধারিত বগি থাকার কথা। যেখানে বৈদ্যুতিক বাতি, পানি সরবরাহ ও উন্নত বসার ব্যবস্থা থাকবে। কিন্তু সাধারণ ট্রেনের লক্কড়-ঝক্কড় মার্কা বগি দিয়ে আন্তনগর ট্রেনের কাজ চালানো হচ্ছে। নিয়মিত ট্রেনযাত্রী গাইবান্ধা সদর উপজেলার চাঁপাদহ গ্রামের প্রেসশ্রমিক শাহজাহান প্রামাণিক বলেন, আন্তনগর ট্রেনের বগিতে দু-একটি বাতি থাকলেও অন্যান্য ট্রেনে প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি নেই। ফলে রাতে ভূতড়ে অবস্থার সৃষ্টি হয়। অন্ধকারের কারণে ট্রেনে ছিনতাই ও অজ্ঞান পার্টির তত্পরতা বেড়ে গেছে। সন্ধ্যার পর জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে যাতায়াত করতে হচ্ছে। নিয়মিত যাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ইমান আলী বলেন, ‘বগিতে টয়লেট থাকলেও সেগুলো ব্যবহারের অনুপোযোগী। নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে। টয়লেটে পানির টেপ লাগানো থাকলেও পানি নেই। বাড়ি থেকে আনা পানি দিয়েই প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে।’ একই গ্রামের সমাজসেবক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ট্রেনগুলোর বগিতে বেশির ভাগ টয়লেটের দরজা লাগে না। ভেতরে প্রাকৃতিক কাজ সারার সময় বাইরে থেকে অন্যজনকে দরজা আটকে ধরে থাকতে হয়। এ ছাড়া মেইল ও লোকাল ট্রেনগুলোর বেশির ভাগই জানালার গ্লাস ভেঙে গেছে। ফলে বৃষ্টির দিনে ভ্রমণ করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে।’ সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামের সংস্কৃতিকর্মী মিজানুর রহমান বলেন, ‘ট্রেনে বসার ব্যবস্থা নাজুক। বসার আসনে পানের পিক ও ময়লা লেগে আছে। বগিজুড়ে বাদামের খোসা, মলমূত্র ও ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকে। উপরন্তু ছারপোকার যন্ত্রণা তো আছেই। কিন্তু এসব দুর্ভোগের কথা কাকে জানাব।’ ট্রেনের বগির সমস্যা প্রসঙ্গে গাইবান্ধা স্টেশনমাস্টার বলেন, এই রুটে চলাচলকারী ট্রেনের নানা সমস্যা ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এদিকে এই রুটে রেললাইনে প্রয়োজনীয় সিলপার নেই, পাথর কম। ফলে ট্রেনের গতিও কমে গেছে। গাইবান্ধা রেলস্টেশন সূত্রটি আরও জানায়, দ্রুতগতিতে ট্রেন চালানোর জন্য রেলপথে যে পরিমাণ স্লিপার থাকার কথা তা নেই। উপরন্তু বর্ষা ও নানা কারণে কাঠের স্লিপারগুলো ব্যবহারের অনুপোযোগী। কোনো কোনো স্থানে স্লিপার পচে নষ্ট হয়েছে। কোনো কোনো স্থানে স্লিপারের অর্ধেক অংশ ক্ষয়ে গেছে। ফলে এসব স্থানে স্লিপার থেকে পৃথক হয়ে গেছে নাটবোল্ট। কোথাও কোথাও নাটবোল্ট চুরি গেছে। দুর্বল হয়েছে রেলপথ। ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের চাকরিজীবী আব্দুল জোব্বার (৫২) বলেন, ‘উন্নত যোগাযোগব্যবস্থা উন্নয়নের পূর্বশর্ত। এ ক্ষেত্রে রেল যোগাযোগ অগ্রণী ভূমিকা রাখতে পারে।’ গতি কমানো প্রসঙ্গে গাইবান্ধা রেল-স্টেশনমাস্টার বলেন, ‘ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে একটি ট্রেন বামনডাঙ্গা থেকে বোনারপাড়া পর্যন্ত ৪৫ কিলোমিটার পথ যেতে সময় লাগত ৫৫ মিনিট। বর্তমানে ৪০ কিলোমিটার গতিতে চালানোর কারণে একই পথ পাড়ি দিতে সময় লাগছে দেড় ঘণ্টা।’ এ প্রসঙ্গে সান্তাহার-লালমনিরহাট রুটের বামনডাঙ্গা উপবিভাগীয় প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী (পথ) দীপক কুমার সিংহ বলেন, ‘প্রয়োজনীয় স্লিপার স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়া নিয়মিত রেলপথ রক্ষণাবেক্ষণে শ্রমিক নিয়োজিত রয়েছে। তবে রেলপথ রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় লোকবল নেই।’ গাইবান্ধা শহরের পি কে বিশ্বাস রোডের বাসিন্দা জিয়াউল হক বলেন, জেলা শহরের স্টেশনে পুরোনো ওভার ব্রিজের ইট, খোয়া উঠে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। এ ছাড়া ওভার ব্রিজটি প্লাটফরমের সঙ্গে সংযুক্ত না হওয়ায় যাত্রীদের কোনো কাজে আসছে না। একই সঙ্গে তিনটি ট্রেন স্টেশনে দাঁড়ালে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গাইবান্ধা স্টেশনের কর্মকর্তা বিনয় কুমার বলেন, গাইবান্ধা স্টেশনে মাত্র চারটি লাইন রয়েছে। এ কারণে যাত্রীদের বিড়ম্বনা বেড়েছে। প্লাটফরম সংযুক্ত করে ওভারব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কুপতলা স্টেশনে একটি মাত্র লাইন, প্লাটফরম নেই। ফলে ট্রেনে ওঠার সময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। হাসানগঞ্জ স্টেশনের একই অবস্থা।