দূরপাল্লার বাসেও বাড়তি ভাড়া আদায়
ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী দূরপাল্লার বাসেও ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে। সরকার গত মাসে দূরপাল্লার পথে (রুটে) ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানোর পর বাসমালিকেরা গন্তব্যভেদে ১০ থেকে ১২০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন। যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়ার ধকল সামলাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এসআর পরিবহনে ঢাকার গাবতলী থেকে রংপুরে ৪০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। কয়েক দিন আগেও এই পথে ভাড়া নেওয়া হতো ২৮০ টাকা। একলাফে ভাড়া বেড়ে গেছে ১২০ টাকা। গত পরশু কল্যাণপুরে এসআর পরিবহনের টিকিট কাউন্টারে কথা হয় মহিউদ্দিন আহমেদের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাসভাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের মতো হয়ে গেছে। একলাফে বেড়ে যায়। ১২০ টাকা ভাড়া বাড়লে মানুষ কীভাবে দেবে।’গাবতলী থেকে রংপুরের দূরত্ব ৩০৮ কিলোমিটার। সে হিসাবে ভাড়া আসে ৩৫৪ টাকা। এর সঙ্গে সেতু বা ফেরির টোল যোগ হবে।এসআর পরিবহনের কর্মী আলালের দাবি, সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছেন তাঁরা। কীভাবে কম নিচ্ছেন—জানতে চাইলে তিনি বলেন, সরকার ৫১ আসনের ভাড়া ঠিক করে দিয়েছে। কিন্তু তাঁরা আরামদায়ক করার জন্য আসন কমিয়ে ৪১টি করেছেন। সে জন্য যে আসনগুলো কমানো হয়েছে, তার ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হয়। আসন কমিয়ে আরামদায়ক করতে হলে বিআরটিএর অনুমোদন লাগে। কিন্তু বাসমালিকেরা অনুমোদন নিচ্ছেন না। ফলে আসলেই আসন কমানো হয়েছে, নাকি মিনিবাসের ভাড়া নেওয়া হচ্ছে, তা স্পষ্ট নয়।শ্যামলী পরিবহনেও রংপুরের ভাড়া ৪০০ টাকা আদায় করা হচ্ছে। আগে এই পরিবহনে রংপুরের ভাড়া ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। এই পরিবহনে ঢাকা থেকে বগুড়া পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে ২৮০ টাকা। গত মাসে এ পথের ভাড়া ছিল ২৪০ টাকা। হানিফ পরিবহনে খুলনার ভাড়া নেওয়া হচ্ছে ৩৫০ টাকা। ভাড়া ছিল ৩০০ টাকা। হানিফ পরিবহনে যশোরে আগের ভাড়ার সঙ্গে ৫০ টাকা বাড়িয়ে ৩৫০ টাকা আদায় করা হচ্ছে। কমফোর্ট পরিবহনে গাবতলী থেকে পাটুরিয়া হয়ে গোপালগঞ্জ পর্যন্ত ২০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আগে ভাড়া ছিল ১৬০ থেকে ১৭০ টাকা।সায়েদাবাদ থেকে সিলেট ও চট্টগ্রামের পথে চলাচলকারী সোহাগ, শ্যামলী, হানিফ পরিবহনেও ৫০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। এসব পরিবহনে এত দিন চট্টগ্রাম ও সিলেটের ভাড়া ছিল ৩০০ টাকা। এখন তা ৩৫০ টাকা হয়েছে। ঢাকার মহাখালী থেকে টাঙ্গাইল পর্যন্ত নিরালা পরিবহনে ১২০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। আগে ছিল ১১০ টাকা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৯০ কিলোমিটার। কিলোমিটারপ্রতি এক টাকা ১৫ পয়সা হিসাবে এই পথের ভাড়া হয় ১০৩ টাকা। গত মাসে ভাড়া বাড়ানোর আগে দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ৯৪ পয়সা। সরকার-নির্ধারিত হারে আদায় করলে ভাড়া হতো ৮৪ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আগে থেকেই নিরালা পরিবহন বাড়তি ভাড়া আদায় করে আসছে।বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টারে গিয়ে ভাড়ার তালিকা চাইলে অনেকেই বিআরটিএর সরবরাহ করা তালিকা দেখাতে পারেনি। কিছু কাউন্টারের কর্মীরা বাসমালিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সরবরাহ করা তালিকা দেখিয়েছেন। সরকার ভাড়া বাড়ানোর যে প্রজ্ঞাপন জারি করেছে, তাতে বলা হয়েছে, এই ভাড়া শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু দূরপাল্লার পথে বর্তমানে সংকুচিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) অনেক বাস চলাচল করে বলে একাধিক বাসমালিক জানিয়েছেন। ফলে ভাড়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান বলেন, ভাড়ার তালিকা সরবরাহ করা হয়েছে। যারা আসন কমিয়ে আরামদায়ক করার দাবি করেছেন, তাদেরও বিআরটিএ থেকে অনুমোদন নিতে হবে। দূরপাল্লার পথে সিএনজিচালিত বাস চললেও শুধু ডিজেলচালিত বাসের ভাড়া নির্ধারণের বিষয়ে তিনি বলেন, সিএনজিচালিত বাসের সংখ্যা কম।গোড়ায় গলদ: বিআরটিএর হিসাবে প্রায় ১২ হাজার বাস-মিনিবাসের ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলের অনুমোদন (রুট পারমিট) আছে। এর মধ্যে প্রায় আট হাজার বাস এবং প্রায় চার হাজার মিনিবাস। এত দিন বাস-মিনিবাসের আলাদা ভাড়া ছিল। কিন্তু গত মাসে সরকার ভাড়া বাড়িয়ে মিনিবাস ও বাসের একই ভাড়া নির্ধারণ করে।দূরপাল্লার পথে সিএনজিচালিত বাস চলাচল করে—এটা বিআরটিএর জানা আছে। কিন্তু সংখ্যাটা বিআরটিএও বলতে পারে না। অথচ ভাড়া নির্ধারণ করা হয়েছে শুধু ডিজেলচালিত বাসের।বিআরটিএ দুই ভাগে ভাড়া নির্ধারণ করেছে। ৫১ আসনবিশিষ্ট বাস এবং ৩০ আসনবিশিষ্ট মিনিবাসের। কিন্তু বর্তমানে বিলাসবহুল প্রায় সব পরিবহনই ৪১ আসনবিশিষ্ট। বিআরটিএ এই বাসের জন্য কোনো ভাড়া নির্ধারণ করেনি। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এসব গলদের সুযোগ নিয়েছেন বাসমালিকেরা। যাত্রীরা পড়েছে বেকায়দায়।বিআরটিএ সূত্র জানায়, ৫১ আসনবিশিষ্ট বাসে আসন কমিয়ে ৪১-এ নিয়ে আসার বিষয়টি নিবন্ধনের সময় উল্লেখ করতে হয়। যারা এটা উল্লেখ করেননি, তাদের ক্ষেত্রে ৪১ আসনের ভাড়া প্রযোজ্য হবে না।