দূরপাল্লার বাসের ভাড়া বাড়ল ১৫ পয়সা
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৫ পয়সা বাড়ানো হয়েছে। আজ শনিবার বিকেলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সড়ক ভবনে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে দূরপাল্লার বাসের ক্ষেত্রে (দোতলা বাস বাদে) ভাড়া কিলোমিটারপ্রতি এক টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৩৫ পয়সা করা হলো।তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বেশির ভাগ বাসই সিএনজিচালিত হওয়ায় এই দুই শহরে চলাচলকৃত বাসের ক্ষেত্রে পুনর্নির্ধারিত এই ভাড়া কার্যকর হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অচিরেই সিএনজির দাম পুনর্নির্ধারিত হলে ঢাকা ও চট্টগ্রামের সিএনজিচালিত বাসের ভাড়া বাড়ানো হবে।এদিকে আজ শনিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) কার্যালয়ে ১২ সদস্যের ভাড়া পুনর্নির্ধারণ কমিটি বাস ভাড়া পুনর্নির্ধারণ করার লক্ষ্যে এক বৈঠকে বসে। সেই বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ, বিআরটিএর চেয়ারম্যান মো.আইয়ুবুর রহমান খান, ক্যাবের সভাপতি কাজী ফারুক, যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব শাহ আলম উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতি কিলোমিটার দূরপাল্লার বাসের ভাড়া এক টাকা ৪৩ পয়সা করার সুপারিশ করা হয়। বিকেলে সড়ক ভবনে যোগাযোগমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভাড়া এক টাকা ৪৩ পয়সা না করে এক টাকা ৩৫ পয়সা করার সিদ্ধান্ত গৃহীত হয়।